পশ্চিমবঙ্গের বীরভূমে পুলিশের গুলিতে রতন শেখের মৃত্যু ঘিরে বিতর্ক ছড়িয়েছে। পুলিশের ভাষ্য, লুকোনো অস্ত্র উদ্ধার করতে গিয়ে রতনের গুলির মুখে পড়ে আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালাতে হয়। তবে নিহতের ভাই সালাম শেখ দাবি করেছেন, ঘটনার সময় রতনের কাছে কোনো অস্ত্র ছিল না। পুলিশের বক্তব্য অসত্য এবং পুরো ঘটনা সাজানো বলেও অভিযোগ করেছেন তিনি।

সালাম শেখ জানান, নানুরের একটি ইটভাটায় রতনকে নিয়ে যাওয়ার সময় তাঁর কাছে কোনো আগ্নেয়াস্ত্র ছিল না। ওই জায়গায় অস্ত্র উদ্ধারের নামে যা ঘটেছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর কথায়, ‘যেখানে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে, সেখানে তার কাছে কোনো অস্ত্র ছিল না। আমি বিষয়টি নিশ্চিতভাবে জানি।’

পুলিশের বিবরণ যা বলছে

পুলিশের দাবি অনুযায়ী, গত শুক্রবার শান্তিনিকেতনে গ্রেপ্তারের চেষ্টা চলাকালে রতন শেখ এক পুলিশ কনস্টেবলের পায়ে গুলি করেন। ওই কনস্টেবল বিশ্বজিৎ দাস আহত হন। এরপর রতনকে খুঁজতে অভিযান শুরু করে পুলিশ। রোববার বর্ধমান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বীরভূমির পুলিশ সুপার বিদিত রাজ ভুন্দেশ সোমবার ঘটনার বিবরণ দিয়ে জানান, নানুরের উচকারণ গ্রামের একটি ইটভাটায় রতনের লুকিয়ে রাখা অস্ত্র উদ্ধারে যায় পুলিশের দল। সেখানে রতন লুকোনো বন্দুক বের করে পুলিশকে লক্ষ্য করে গুলি চালান। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে তিনি আহত হন। পরে তাঁকে নানুর ব্লক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

অবশ্য সালাম শেখের বক্তব্য, শুক্রবার কনস্টেবলকে গুলি করার সময় রতনের কাছে বন্দুক থাকলেও রোববার গ্রেপ্তারের পর তাঁর কাছে কোনো অস্ত্র ছিল না। তিনি প্রশ্ন করেন, ‘শুক্রবার পুলিশকে গুলি করার সময় তার কাছে বন্দুক ছিল। পুলিশ যদি তাকে বর্ধমান থেকে আটক করে থাকে, তাহলে সেখানেই অস্ত্র উদ্ধার করতে পারত। সে কীভাবে নানুরের ইটভাটায় এসে বন্দুক লুকিয়ে রাখবে?’ ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

এনকাউন্টার সংস্কৃতির সমালোচনা

পুলিশের ‘বন্দুকযুদ্ধ’ বা এনকাউন্টার সংস্কৃতির সমালোচনা করেছেন তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি প্রশ্ন তোলেন, এনকাউন্টার কি সত্যিই অপরাধ কমাতে পারে?

অভিষেকের প্রশ্ন, এনকাউন্টারের মাধ্যমে অপরাধীদের মধ্যে ভয় তৈরি হলে গত চার-পাঁচ মাসে ধর্ষণের ঘটনা কেন বেড়েছে? অপরাধীরা কীভাবে পুলিশের অস্ত্র ছিনিয়ে নিয়ে পালাতে বা পুলিশকে আক্রমণ করতে সক্ষম হচ্ছে? তাঁর দাবি, তাঁদের সরকারের ১৫ বছরের শাসনামলে এমন ঘটনা দেখা যায়নি এবং বিজেপি বা এনডিএ জোটের বাইরে থাকা অন্য রাজ্যগুলোতেও একই পরিস্থিতি নেই।

তিনি আরও বলেন, কেউ পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে আত্মরক্ষার অধিকার পুলিশের রয়েছে। তবে অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা পুলিশেরই দায়িত্ব। অপরাধ করলে কঠোর শাস্তি হওয়া উচিত, কিন্তু সেই শাস্তি আইন মেনেই দিতে হবে। কারও ইচ্ছায় এনকাউন্টার ঘটানো যায় না বলেও মন্তব্য করেন তিনি।

সিপিএমের স্মারকলিপি ও তদন্ত

অন্যদিকে মঙ্গলবার বোলপুরে সিপিএম নেতারা মুখ্যমন্ত্রী সুবেন্দু অধিকারীর কাছে পুলিশি এনকাউন্টার নিয়ে প্রশ্ন তুলে একটি স্মারকলিপি জমা দেন। বোলপুরের মহকুমা পুলিশ কর্মকর্তার মাধ্যমে দেওয়া ওই স্মারকলিপিতে ঘটনার নানা অসংগতি তুলে ধরা হয়।

সিপিএমের বীরভূম জেলা কমিটির সম্পাদক গৌতম ঘোষ অভিযোগ করেন, রতন বড় ধরনের অপরাধচক্রের সঙ্গে যুক্ত ছিলেন। সেই চক্রের তথ্য আড়াল করতেই এনকাউন্টার সাজানো হয়েছে। তাঁর প্রশ্ন, ৩৬টি মামলায় অভিযুক্ত একজন অপরাধীকে গ্রেপ্তার করতে শুক্রবার পুলিশ কেন সাদা পোশাকে এবং যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ছাড়া অভিযান চালিয়েছিল?

এদিকে মঙ্গলবার ফরেনসিক দলের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন নমুনা সংগ্রহ করেছেন। নিহত রতনের মরদেহ ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। সম্প্রতি পশ্চিমবঙ্গে বেশ কিছু বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে, যা নিয়ে সমালোচনা চলছে।

তথ্যসূত্র: দ্য হিন্দু, জাগো নিউজ ইন্টারন্যাশনাল

Source: জাগো নিউজ২৪