যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের দায়ে এক পাকিস্তানি নাগরিককে ২৭ বছরের বেশি কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আসিফ মার্চেন্ট। তাঁর সঙ্গে ইরানের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে অভিযোগ উঠেছে।

গত মঙ্গলবার (১৭ নভেম্বর) যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, ট্রাম্পকে হত্যার পরিকল্পনার দায়ে মার্চেন্টকে ৩৩০ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ইরানের বিপ্লবী গার্ডের কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নিতেই তিনি এই ষড়যন্ত্র করেছিলেন বলে আদালতে উঠে এসেছে। তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান।

আদালতের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১২ জুলাই যুক্তরাষ্ট্র ছাড়ার প্রস্তুতি নেওয়ার সময় মার্চেন্টকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ রয়েছে, দেশটির কোনো রাজনীতিক বা সরকারি কর্মকর্তাকে হত্যার জন্য ভাড়াটে খুনি নিয়োগের চেষ্টা করেছিলেন তিনি। তবে তাঁর পরিকল্পনায় নির্দিষ্ট কোনো ব্যক্তিকে হত্যার নির্দেশ ছিল কি না, তা নিয়ে আদালতে ভিন্ন তথ্য উঠে এসেছে।

২০২০ সালের জানুয়ারিতে ইরাকের বাগদাদে মার্কিন ড্রোন হামলায় নিহত হন সোলাইমানি। ইরানের বিদেশে সামরিক অভিযান পরিচালনার দায়িত্বে ছিলেন তিনি। তাঁর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়ে আসছিলেন ইরানের কর্মকর্তারা।

আদালতে সাক্ষ্য দেওয়ার সময় মার্চেন্ট বলেছিলেন, তেহরানে থাকা তাঁর পরিবারকে বিপ্লবী গার্ডের হাত থেকে রক্ষা করতেই তিনি এই ষড়যন্ত্রে জড়াতে বাধ্য হয়েছিলেন। তাঁর ধারণা ছিল, কাউকে হত্যার আগেই তিনি পুলিশের হাতে ধরা পড়বেন।

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মার্চেন্ট দাবি করেছিলেন, নির্দিষ্ট কাউকে হত্যার নির্দেশ তাঁকে দেওয়া হয়নি। তবে ইরানের এক যোগাযোগকারী ব্যক্তি এই ষড়যন্ত্রের সঙ্গে ট্রাম্প, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালির নাম উল্লেখ করেছিলেন।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ বলেছেন, এই ষড়যন্ত্রের মূল লক্ষ্য ছিলেন ট্রাম্প। তাঁর মতে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা সমন্বয় করতে আসা ইরানি এজেন্টকে তাঁর অপরাধের উপযুক্ত সাজাই দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের নেতাদের বিরুদ্ধে বিদেশি সন্ত্রাসী গোষ্ঠীর এ ধরনের ষড়যন্ত্র কোনোভাবেই সহ্য করা হবে না বলে জানিয়েছেন ব্ল্যাঞ্চ। তিনি বলেছেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় না আনা পর্যন্ত বিচার বিভাগ কাজ চালিয়ে যাবে।

এর আগে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারাও মার্চেন্টের সঙ্গে ইরানের ঘনিষ্ঠ যোগাযোগের কথা জানিয়েছিলেন। তাঁদের ভাষায়, এই ষড়যন্ত্র ইরানি শাসনব্যবস্থার পরিচিত কৌশলেরই অংশ।

Source: জাগো নিউজ২৪