রাজশাহী নগরীর বনলতা আবাসিক এলাকায় গ্রামীণ ব্যাংকের সমন্বিত জোনাল অফিস ও এরিয়া অফিস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে মোটরসাইকেলযোগে আসা অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ব্যাংক ভবনের নিচতলায় পরপর দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করেন বলে জানা গেছে।
এতে ভবনের কাচের ফিটিং ও জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
গ্রামীণ ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক আ. ক. ম. শামসুদ্দোহা জানান, রাত ১টা ২৪ মিনিটের দিকে রাস্তা থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ভবনের নিচতলায় অবস্থিত এরিয়া অফিসের বারান্দার জানালায় দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করেন এবং এতে সেখানে আগুন ধরে যায়।
তিনি আরও জানান, ঘটনার সময় অফিসের ভেতরে একজন পিয়ন এবং ভবনের সামনে একজন নৈশপ্রহরী দায়িত্বে ছিলেন। আগুন লাগার বিষয়টি টের পেয়ে পিয়ন দ্রুত তা নিভিয়ে ফেলেন। খবর পেয়ে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে তিনিও নিচে নেমে আসেন এবং দেখেন, আগুনে অফিসের বড় ধরনের কোনো ক্ষতি না হলেও দুটি জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে।
জানা গেছে, বনলতা আবাসিক এলাকার ওই ভবনের ওপরের তলায় অডিট অফিস, মাঝের তলায় জোনাল অফিস এবং নিচতলায় এরিয়া অফিস অবস্থিত। এই জোনাল অফিসের অধীনে তিনটি জেলা ও নওগাঁর একটি থানাসহ মোট ৮২টি শাখা এবং আটটি এরিয়া অফিস পরিচালিত হয়।
ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য এরিয়া ম্যানেজার ও প্রশাসনিক কর্মকর্তা শাহ মখদুম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেছেন।
শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর আলী বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, কাচের বোতলে করে দাহ্য পদার্থ ব্যাংক ভবন লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল। এ সময় ভবনের নিচতলার রাস্তার পাশে পরপর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ভবনের কাচের ফিটিং ও জানালা ক্ষতিগ্রস্ত হয়। তবে ব্যাংকের দাপ্তরিক কার্যক্রমে কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং গুরুত্বপূর্ণ কোনো নথিপত্র বা সম্পদ ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্যও পাওয়া যায়নি।
ওসি আরও বলেন, ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে ব্যাংক ভবনকে লক্ষ্যবস্তু করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।
Source: জাগো নিউজ২৪






