চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় একটি পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে উড়ালসড়কের নিচে অবস্থিত পুলিশ বক্সের সামনে আগুন দেওয়া হয়, পরে তা বক্সের ভেতরে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কেউ হতাহত হননি।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জাগো নিউজকে বলেন, পুলিশ বক্সের সামনে কাপড়জাতীয় একটি বস্তুতে আগুন ধরা হয়েছিল, সেখান থেকেই আগুন বক্সে ছড়িয়ে পড়ে। তিনি জানান, ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
ওসি আরও জানান, বুধবার সকালে ঘটনাস্থলের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এসব ফুটেজ যাচাই-বাছাই করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে পুলিশ বক্সে আগুন লাগার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, মুরাদপুরে উড়ালসড়কের নিচে থাকা পুলিশ বক্সটিতে আগুন জ্বলছে।
Source: জাগো নিউজ২৪






