নাটোরের নলডাঙ্গা উপজেলায় পরিত্যক্ত অবস্থায় ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার পাটুলনীচা বাজার এলাকা থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।

এসআরবি-৫, রাজশাহী সূত্রে জানা যায়, শনিবার দিনগত রাত দেড়টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নলডাঙ্গা থানার পাটুলনীচা বাজারের খোলাবাড়িয়াগামী সড়কের পশ্চিম পাশে একটি ওয়াচ টাওয়ারের সিঁড়ির নিচে সাদা রঙের একটি বাজারের ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

বিষয়টি এসআরবির সিপিসি-২ নাটোর ক্যাম্পে জানানো হলে রাত সাড়ে তিনটার দিকে বোমা নিষ্ক্রিয়করণ দলের সহায়তায় ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। তবে কে বা কারা ককটেলগুলো ওই জায়গায় রেখে গেছে, তা জানা যায়নি।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান জানান, এসআরবি সদস্যরা ছয়টি অবিস্ফোরিত ককটেল ও সদৃশ বস্তু উদ্ধারের পর নলডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনি কার্যক্রম নেওয়া হবে।

Source: জাগো নিউজ২৪