মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ বিমানবাহিনীর খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, কিলো ফ্লাইটের সদস্য এবং তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ বিমানবাহিনী। সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে আজ সোমবার রাজধানীর তেজগাঁওয়ে বিএএফ শাহীন হলে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কিলো ফ্লাইটের সদস্যসহ মোট ৩৬ জনকে সংবর্ধনা দেওয়া হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, অনুষ্ঠানে বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন উপস্থিত খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারী এবং কিলো ফ্লাইটের সদস্য ও তাঁদের উত্তরাধিকারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি তাঁদের উপহারসামগ্রী প্রদান করেন এবং স্বাগত বক্তব্য দেন।
বক্তব্যে বিমানবাহিনী প্রধান মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনে মাত্র তিনটি বিমান নিয়ে যে বিমানবাহিনীর যাত্রা শুরু হয়েছিল, তা আজ অত্যাধুনিক যুদ্ধবিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার, বিভিন্ন ধরনের রাডার, ক্ষেপণাস্ত্র এবং ওভারহলিং প্রযুক্তিতে সমৃদ্ধ হয়েছে।
বিমানবাহিনীর অপারেশনাল ও প্রশাসনিক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে বেশ কিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে তিনি জানান। এর মধ্যে কয়েকটি প্রকল্প সফলভাবে বাস্তবায়নও করা হয়েছে।
অনুষ্ঠানে বলা হয়, মহান মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত বিমানবাহিনীর মুক্তিযোদ্ধা ও কিলো ফ্লাইটের সদস্যদের সাহসী অবদান এবং আত্মত্যাগ বর্তমান প্রজন্মের বিমানসেনাদের দেশপ্রেমে অনুপ্রাণিত করে। তাঁদের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।
অনুষ্ঠানে বিমানবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন ঘাঁটির বিমানসেনারা উপস্থিত ছিলেন।
Source: জাগো নিউজ২৪






