ইউরোপের আকাশসীমায় ধারাবাহিকভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ঢুকে পড়ার ঘটনায় উদ্বেগ বাড়ছে। বিশেষ করে পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘনের ঘটনায় ন্যাটোর সদস্যদেশগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এমন পরিস্থিতিতে ন্যাটোর ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি রক্ষার অঙ্গীকার ব্যক্ত করে রাশিয়াকে সতর্ক করেছে জার্মানি। একই সঙ্গে ইউক্রেন যুদ্ধ বন্ধে মস্কোকে আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে দেশটি।
সোমবার (২৩ নভেম্বর) বার্লিনে ন্যাটোর পার্লামেন্টারি অ্যাসেম্বলির ৭২তম বার্ষিক অধিবেশনে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়াডেফুল এ সতর্কবার্তা দেন। তিনি জানান, ন্যাটোর ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি রক্ষায় জোটের সদস্যরা প্রস্তুত। ন্যাটো একটি প্রতিরক্ষামূলক জোট হলেও নিজেদের দেশ ও জোটের নিরাপত্তা রক্ষায় তাঁরা সক্ষম ও প্রস্তুত রয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
এ সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ করে ওয়াডেফুল বলেন, ইউরোপে যুদ্ধ বন্ধ করতে হবে এবং শান্তি প্রতিষ্ঠার জন্য আলোচনার টেবিলে ফিরতে হবে। এ প্রসঙ্গে তিনি বার্লিনের ব্রান্ডেনবুর্গ গেটের কথা স্মরণ করেন। একসময় ওই স্থান থেকেই সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভকে বার্লিন দেয়াল ভেঙে ফেলার আহ্বান জানিয়েছিলেন। ওয়াডেফুল বলেন, সেই একই স্থান থেকে তিনি এখন পুতিনকে যুদ্ধ বন্ধ করে ইউরোপে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছেন।
ইউক্রেনের প্রতি জার্মানির সমর্থন পুনর্ব্যক্ত করে জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেন সাহসিকতার সঙ্গে নিজেদের রক্ষা করছে। অপরদিকে রাশিয়া আগের চেয়ে আরও নৃশংস হয়ে উঠলেও যুদ্ধে তাদের সাফল্য কমছে বলে তিনি মন্তব্য করেন।
ওয়াডেফুল আরও বলেন, ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে যেকোনো আলোচনায় ইউক্রেনের পাশাপাশি ইউরোপের দেশগুলোকেও থাকতে হবে। ইউক্রেনকে বাদ দিয়ে দেশটির বিষয়ে এবং ইউরোপকে বাদ দিয়ে ইউরোপের নিরাপত্তা নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় বলেও তিনি মন্তব্য করেন।
রাশিয়া ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ন্যাটোর আকাশসীমা লঙ্ঘনের পাশাপাশি ইউরোপে বিভিন্ন ধরনের গোপন হামলা ও হত্যার ষড়যন্ত্র চালাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। তাই ইউক্রেন যুদ্ধ বন্ধে অর্থবহ আলোচনার পাশাপাশি ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি বলে তিনি মনে করেন।
তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি
Source: জাগো নিউজ২৪






