কিশোরগঞ্জে ১৬ জন তরুণ গবেষককে নিয়ে পরিচালিত ছয় মাসব্যাপী গবেষণা কার্যক্রমের ফলাফল উপস্থাপন ও শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) শহরের বত্রিশ এলাকার পপি-পার্টি সেন্টারে এ কর্মশালার আয়োজন করা হয়।
ইউনিসেফের অর্থায়ন এবং সেভ দ্য চিলড্রেনের কারিগরি সহায়তায় এই গবেষণা কার্যক্রম পরিচালিত হয়। গবেষণার সমাপনী উপলক্ষে আয়োজিত কর্মশালায় তরুণ গবেষকরা তাঁদের গবেষণার ফলাফল তুলে ধরেন।
কর্মশালায় শহরের বিভিন্ন পর্যায়ের অংশীজনরা উপস্থিত ছিলেন। এ সময় গবেষণার ফলাফল নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় হয়। তরুণ গবেষকরা সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় সহায়তা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে অংশীজনদের মতামত ও সুপারিশ গ্রহণ করেন।
পরে তাঁরা এসব সুপারিশ ভবিষ্যতের সহায়তামূলক কার্যক্রমে কাজে লাগানোর অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক রফিকুল ইসলাম শামীম, জেলা শিক্ষা কর্মকর্তা শামছুন্নাহার মাকছুদা, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আল আমিন ভূঁইয়া এবং মিঠামইন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শাহজাহান মজুমদার।
সেভ দ্য চিলড্রেনের পক্ষে গবেষণা কার্যক্রম পরিচালনা, তিন দিনব্যাপী মৌলিক গবেষণা প্রশিক্ষণ, তথ্য বিশ্লেষণ (ডাটা অ্যানালাইসিস) ও প্রতিবেদন প্রণয়নের (রিপোর্ট রাইটিং) কাজে নেতৃত্ব দেন সংস্থাটির কো-অর্ডিনেটর (এমইএএল) শরীফুল আলম ভূঁইয়া।
অনুষ্ঠানটি সঞ্চালনা ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কিশোরগঞ্জে সেভ দ্য চিলড্রেনের স্কিল বিল্ডিং অফিসার মামুনুর রশীদ।
কর্মশালার শেষ পর্যায়ে অংশগ্রহণকারী তরুণ গবেষকদের হাতে সনদ ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।
Source: জাগো নিউজ২৪






