চট্টগ্রাম নগরের পতেঙ্গা সমুদ্র সৈকত সংলগ্ন এলাকা থেকে ৮৪ বোতল বিদেশি মদ জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দ করা মদের আনুমানিক মূল্য ৬ লাখ ৪৮ হাজার টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্ট গার্ডের পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন মো. শাহাদাত হোসেন নাঈম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, গত সোমবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইজ চট্টগ্রাম এ অভিযান চালায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পতেঙ্গা সমুদ্র সৈকত সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৮৪ বোতল বিদেশি মদ পাওয়া যায়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যান, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দ করা মদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
Source: জাগো নিউজ২৪






