নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা ঠেকাতে শুধু আইন প্রণয়ন ও সচেতনতা সৃষ্টি যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞ ও অধিকারকর্মীরা। তাঁদের ভাষ্য, এক্ষেত্রে আইনের কার্যকর প্রয়োগ, ভুক্তভোগীদের জন্য সহজলভ্য সহায়তা, প্রাতিষ্ঠানিক জবাবদিহি এবং সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন সমানভাবে জরুরি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ সামরিক জাদুঘরে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) আয়োজিত এক জাতীয় সংলাপে এসব কথা বলেন বক্তারা। নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক প্রচারাভিযানের সূচনা উপলক্ষে ‘ন্যায়বিচার নিশ্চিত করুন, সহিংসতার শিকারদের সুরক্ষা দিন, দায়মুক্তির অবসান ঘটান’ প্রতিপাদ্যে এই সংলাপের আয়োজন করা হয়।
‘সহিংসতাকে স্বাভাবিকভাবে দেখার প্রবণতা বদলাতে হবে’
স্বাগত বক্তব্যে মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, নারী অধিকার ও মানবাধিকার নিয়ে দীর্ঘদিন কাজ চললেও নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ হচ্ছে না। সমাজে সহিংসতাকে স্বাভাবিকভাবে দেখার প্রবণতা বদলাতে হবে। একই সঙ্গে ভুক্তভোগীদের সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন এমজেএফের অধিকার ও সুশাসন কর্মসূচির পরিচালক বনশ্রী মিত্র নিয়োগী। তিনি জানান, দেশে আইন থাকলেও সহিংসতার শিকার ব্যক্তিরা অনেক ক্ষেত্রেই ন্যায়বিচার পাচ্ছেন না। বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা, সামাজিক অপবাদ, ভয়ভীতি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জবাবদিহির অভাব এর বড় কারণ বলে তিনি উল্লেখ করেন। তিনি অভিযোগ জানানোর ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা, দ্রুত তদন্ত এবং বিশেষ করে প্রান্তিক নারী ও কন্যাশিশুদের জন্য চিকিৎসা, আইনি ও মানসিক স্বাস্থ্যসেবা সহজলভ্য করার আহ্বান জানান।
‘শুধু আইন ও নীতিমালায় সহিংসতা বন্ধ হবে না’
প্যানেল আলোচনায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মানব উন্নয়ন প্রতিবেদন কার্যালয় ও দারিদ্র্য বিভাগের সাবেক পরিচালক ড. সেলিম জাহান বলেন, পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন ছাড়া শুধু আইন ও নীতিমালা দিয়ে নারীর প্রতি সহিংসতা বন্ধ করা সম্ভব নয়। ছোটবেলা থেকেই শিক্ষার মাধ্যমে নারী-পুরুষের সমতার ধারণা গড়ে তুলতে হবে। বিভিন্ন শ্রেণি ও জনগোষ্ঠীর নারীরা কীভাবে সহিংসতার মুখোমুখি হচ্ছেন, তা বুঝতে পৃথকভাবে তথ্য বিশ্লেষণের ওপরও তিনি গুরুত্ব দেন। নাগরিকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন।
চিকিৎসক, গবেষক ও রাজনীতিবিদ ডা. তাসনিম জারা বলেন, অনেক নারী সাহস করে সহিংসতার অভিযোগ জানালেও সহায়তা নিতে গিয়ে আবারও হয়রানি ও ভোগান্তির শিকার হন। ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারসহ (ওসিসি) বিদ্যমান সেবাকেন্দ্রগুলোতে পর্যাপ্ত প্রশিক্ষিত কর্মী, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও সহায়তার ব্যবস্থা আছে কি না, তা খতিয়ে দেখা জরুরি। তাঁর মতে, অভিযোগ জানানোর পর যথাযথ সেবা ও নিয়মিত খোঁজখবর নিশ্চিত করতে হবে, যাতে সহায়তা চাইতে গিয়ে কাউকে নতুন করে ক্ষতির মুখে পড়তে না হয়।
সাংবিধানিক অধিকার ও বাস্তব ন্যায়বিচারের ব্যবধান
বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা বলেন, বাংলাদেশের সংবিধানে নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। বৈষম্য দূর করতে নারী ও শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের সুযোগও সংবিধানে রয়েছে। কিন্তু সাংবিধানিক অধিকার ও বাস্তবে ন্যায়বিচার পাওয়ার মধ্যে বড় ব্যবধান রয়ে গেছে। তিনি পুলিশের প্রশিক্ষণ, মামলার আলামত সংরক্ষণ, ফরেনসিক পরীক্ষার সক্ষমতা বৃদ্ধি এবং সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানান।
ঢাকায় সুইডেন দূতাবাসের সহযোগিতা বিভাগের উপপ্রধান ফিলিক্স হেলগেসন বলেন, সহিংসতার শিকার ব্যক্তিদের জন্য চিকিৎসা, পরামর্শসেবা (কাউন্সেলিং), আইনি সহায়তা ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা আরও জোরদার করতে হবে। বিশেষ করে প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত এলাকার মানুষের কাছে এসব সেবা পৌঁছানো জরুরি।
বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশনের উপপ্রধান বাইবা জারিনা বলেন, আইন প্রণয়নের পাশাপাশি এর কার্যকর বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত করতে হবে।
ইউএন উইমেন বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ গীতাঞ্জলি সিং বলেন, রাজনীতি ও জনপরিসরে অংশগ্রহণকারী নারীরা বিভিন্ন ধরনের ভয়ভীতি, হুমকি ও সহিংসতার মুখোমুখি হচ্ছেন। এসব ঘটনার বিচার নিশ্চিত করার পাশাপাশি নারী অধিকার সংগঠনগুলোর জন্য ধারাবাহিক অর্থায়ন এবং সহিংসতার শিকার ব্যক্তিদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে হবে।
‘১৬ দিনের প্রচারাভিযানে সীমাবদ্ধ রাখা চলবে না’
সমাপনী বক্তব্যে এমজেএফের গভর্নিং বোর্ডের চেয়ারপারসন পারভীন মাহমুদ, এফসিএ বলেন, শিশুদের ছোটবেলা থেকেই পরিবারে পারস্পরিক সম্মান, সহমর্মিতা ও সমতার শিক্ষা দিতে হবে। নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধের দায়িত্ব শুধু ১৬ দিনের প্রচারাভিযানে সীমাবদ্ধ রাখলে চলবে না। এটি সারা বছরের কাজ ও অঙ্গীকার হতে হবে।
Source: জাগো নিউজ২৪






