বিদ্যুৎ উৎপাদনে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে এবং বিদ্যুৎ ব্যয় কমাতে ছাদভিত্তিক সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়েছে ঢাকা জেলা প্রশাসন। জেলায় এ পর্যন্ত প্রায় ২৮ হাজার ভবনে সৌরবিদ্যুৎ স্থাপন করা হয়েছে। আগামী ফেব্রুয়ারির মধ্যে আরও ৭১৪টি ভবনে সৌরবিদ্যুৎ স্থাপনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যাতে নতুন করে প্রায় ১১৭ মেগাওয়াট পিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা যুক্ত হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ‘রুফটপ সোলার কর্মসূচি বাস্তবায়ন’ বিষয়ক এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান ঢাকা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম। তথ্যসূত্র: জাগো নিউজ।

সভায় ফরিদা খানম বলেন, সরকারি ও বেসরকারি ভবনের অব্যবহৃত ছাদ সৌরবিদ্যুৎ উৎপাদনে কাজে লাগানো গেলে বিদ্যুৎ বিল কমানোর পাশাপাশি জাতীয় গ্রিডের ওপর চাপও কমবে। এর মধ্য দিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিবেশ সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে বলেও উল্লেখ করেন তিনি।

বর্তমান সক্ষমতা কত

জেলা প্রশাসকের দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকা জেলায় এখন গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুতের স্থাপিত সক্ষমতা প্রায় ১৬২ মেগাওয়াট পিক। অফ-গ্রিড ব্যবস্থাসহ মোট সক্ষমতা প্রায় ১৭৮ মেগাওয়াট পিক। এসব স্থাপনার ৮৪ শতাংশ বেসরকারি এবং ১৬ শতাংশ সরকারি ভবনে রয়েছে।

নতুন লক্ষ্যমাত্রা পূরণ হলে জেলায় গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুতের মোট সক্ষমতা প্রায় ২৭৯ মেগাওয়াট পিকে দাঁড়াবে। নির্ধারিত ৭১৪টি ভবনের অধিকাংশই সরকারি প্রতিষ্ঠান।

নেট মিটারিং সম্প্রসারণে জোর

সভায় নেট মিটারিং ব্যবস্থা সম্প্রসারণের বিষয়টিও গুরুত্ব পায়। ফরিদা খানম জানান, বর্তমানে জেলায় সৌরবিদ্যুৎ স্থাপন করা ভবনগুলোর মধ্যে মাত্র ৬ শতাংশ নেট মিটারিংয়ের আওতায় আছে। এই ব্যবস্থা চালু থাকলে ভবনে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা যায়। এতে বিদ্যুৎ বিল কমানোর পাশাপাশি সৌরবিদ্যুৎ স্থাপনের আর্থিক সুবিধাও বাড়ে।

তিনি বলেন, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ শুধু বিদ্যুৎ উৎপাদনের বিকল্প ব্যবস্থা নয়, এটি দীর্ঘমেয়াদি সাশ্রয়ী বিনিয়োগও। ভবনের নিজস্ব বিদ্যুতের চাহিদার একটি অংশ সৌরবিদ্যুৎ দিয়ে মেটানো গেলে জাতীয় গ্রিডের ওপর নির্ভরতা কমবে।

কর্মসূচি বাস্তবায়নে বিনিয়োগের সুযোগ বাড়ানো, সহজ শর্তে ঋণ, মানসম্মত যন্ত্রপাতি এবং দক্ষ কারিগরি জনবল নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন জেলা প্রশাসক। সরকারি প্রতিষ্ঠানগুলোকে নিজেদের ভবনের ছাদ সৌরবিদ্যুৎ স্থাপনের উপযোগী করে তোলার আহ্বান জানান তিনি। পাশাপাশি বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোকে দ্রুত নেট মিটারিং সংযোগ দেওয়া এবং সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে মানসম্মত কাজ নিশ্চিত করার তাগিদ দেন। বেসরকারি প্রতিষ্ঠান ও ভবনমালিকদেরও অব্যবহৃত ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ ব্যয় কমানোর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান ফরিদা খানম।

তিনি বলেন, সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগে রুফটপ সোলার কর্মসূচি বাস্তবায়ন করা গেলে ঢাকা জেলাকে আরও জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব কে. এম. আলী রেজা। বিশেষ অতিথি ছিলেন বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব উম্মে রেহানা। সভায় সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের প্রতিনিধি, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সংশ্লিষ্ট সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Source: জাগো নিউজ২৪