রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার খাতা চ্যালেঞ্জ (পুনর্নিরীক্ষণ) করে ৭৫৫ শিক্ষার্থীর ফল পরিবর্তিত হয়েছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১১১ জন এবং অকৃতকার্য থেকে উত্তীর্ণ হয়েছেন ১০৪ জন। তবে ফেল করা কোনো শিক্ষার্থী সরাসরি জিপিএ-৫ পাননি বলে বোর্ড সূত্রে জানা গেছে।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে রাজশাহী শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে এসব তথ্য জানানো হয়েছে।

বোর্ড সূত্র জানায়, পুনর্নিরীক্ষণের জন্য মোট ৩১ হাজার ৩৬৪ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। এসব আবেদনের পরিপ্রেক্ষিতে ১ লাখ ৯ হাজার ৯৭১টি উত্তরপত্র যাচাই করা হয়। যাচাই শেষে ২ হাজার ১০৫টি উত্তরপত্রে বিভিন্ন ধরনের পরিবর্তন পাওয়া যায়।

প্রকাশিত ফল বিশ্লেষণ করে দেখা গেছে, নতুন করে জিপিএ-৫ পাওয়া ১১১ শিক্ষার্থীর মধ্যে ৫৫ জন আগে থেকেই জিপিএ-৫ পেয়েছিলেন; তাদের ফলেও পরিবর্তন এসেছে। বাকি ৫৬ জন অন্য গ্রেড থেকে উন্নীত হয়ে জিপিএ-৫ অর্জন করেছেন। এ ছাড়া ফেল থেকে পাস করেছেন ১০৪ জন।

পুনর্নিরীক্ষণের পরও ১৪০ জন শিক্ষার্থী ফেল করেছেন। অন্য গ্রেডে পরিবর্তন এসেছে ৪০০ শিক্ষার্থীর। সব মিলিয়ে ৭৭৯টি গ্রেড পরিবর্তন হয়েছে। তবে গ্রেড পরিবর্তনের সংখ্যা ও ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীর সংখ্যা এক নয়; মোট ৭৫৫ শিক্ষার্থীর ফল পরিবর্তিত হয়েছে।

রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফফাত জেরীন বলেন, পুনর্নিরীক্ষণে মোট ৭৭৯টি গ্রেড পরিবর্তন হয়েছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১১১ জন এবং ফেল থেকে পাস করেছেন ১০৪ জন। তবে ফেল থেকে কেউ জিপিএ-৫ পাননি।

প্রসঙ্গত, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৪৫ দশমিক ৬ শতাংশ। এ বছর বোর্ডের অধীনে মোট ৪ হাজার ৫২০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন।

Source: জাগো নিউজ২৪