চট্টগ্রাম নগরের বায়েজিদ ও বাকলিয়া এলাকায় নকশাবহির্ভূত ভবন ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান চালিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। অভিযানে সংস্থার নিজস্ব জমি দখল করে গড়ে তোলা ১৫টি দোকান উচ্ছেদ করা হয়েছে এবং অনুমোদনহীন নির্মাণের দায়ে ৯টি ভবন সিলগালা করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চউকের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) হামীমুন তানজীন। এ সময় চউকের অথরাইজড অফিসার-১ কাজি কাদের নেওয়াজসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

যা হয়েছে অভিযানে

চউক সূত্র জানায়, অথরাইজড অফিসার-১-এর আওতাধীন এলাকায় সংস্থাটির নিজস্ব জমিতে অবৈধভাবে নির্মিত ১৫টি দোকান উচ্ছেদ করে জায়গা দখলমুক্ত করা হয়। একই এলাকায় ১০টি ভবনে অভিযান চালানো হয়।

এর মধ্যে ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘন ও অনুমোদনহীন অংশ নির্মাণের দায়ে ৯টি ভবন তাৎক্ষণিক সিলগালা করা হয়। অপর একটি ভবনের মালিককে বিধি মেনে নির্মাণকাজ করার জন্য সতর্ক করা হয়েছে।

‘অভিযান নিয়মিত চলবে’

চউক চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, একটি বাসযোগ্য, নিরাপদ ও পরিকল্পিত চট্টগ্রাম গড়ে তুলতে চউক বদ্ধপরিকর। ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘন এবং সরকারি জায়গা দখলের বিরুদ্ধে সংস্থার অবস্থান কঠোর।

তিনি আরও জানান, জনস্বার্থে ও নগরের শৃঙ্খলা ফেরাতে নকশাবহির্ভূত ভবন ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে চউকের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Source: জাগো নিউজ২৪