আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে ঢাকাসহ দেশের আটটি জেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১০১ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জ জেলায় দুই ব্যাটালিয়ন বিজিবি মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এসব সদস্য মোতায়েন করা হয়েছে। যে জেলাগুলোতে বিজিবি পাঠানো হয়েছে সেগুলো হলো—ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজার।

শরীফুল ইসলাম আরও জানান, মোতায়েন করা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন এবং অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে দায়িত্ব পালন করছেন।

তিনি উল্লেখ করেন, বিজিবি সদস্যরা গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছেন। পাশাপাশি বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে এমন কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করছেন তাঁরা।

জনসংযোগ কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের একটি মনিটরিং সেল প্রযুক্তিনির্ভর নজরদারি চালাচ্ছে। এ কাজে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

তিনি জানান, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায়ও পেশাদারত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছে বিজিবি। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

Source: জাগো নিউজ২৪