যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর নতুন দফা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। নতুন এই শুল্কের আওতায় এসেছে বাংলাদেশ, চীন ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)সহ মোট ১৪টি দেশ ও অঞ্চল।

জাগোনিউজ ইন্টারন্যাশনালের প্রতিবেদন অনুযায়ী, নতুন হারের মধ্যে সবচেয়ে বেশি চাপ পড়তে পারে চীনের ওপর, যেখানে শুল্কের সর্বোচ্চ সীমা ধরা হয়েছে ৪০ শতাংশ। ভিয়েতনামের ক্ষেত্রে এই হার সর্বোচ্চ ৩৫ শতাংশ। বাকি দেশ ও অঞ্চলগুলোর জন্য শুল্কের হার নির্ধারণ করা হয়েছে ২০ থেকে ২৫ শতাংশের মধ্যে।

তবে ট্রাম্পের সঙ্গে আগে সম্পাদিত কিছু বাণিজ্য চুক্তিতে শুল্কের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া থাকায় কয়েকটি দেশের ক্ষেত্রে বাস্তবে কার্যকর শুল্কের হার কম হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

যেভাবে এল নতুন শুল্ক

গত মার্চে বিভিন্ন দেশের বাণিজ্যনীতি খতিয়ে দেখতে তদন্ত শুরু করে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের ঘোষিত ‘লিবারেশন ডে’ শুল্ককে অবৈধ ঘোষণা করার পর এই নতুন তদন্ত শুরু হয়।

তদন্তগুলো পরিচালিত হয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য আইনের ‘সেকশন ৩০১’-এর অধীনে। এই ধারায় বিদেশি সরকারগুলোর নীতি ও বাণিজ্যিক কার্যক্রম যুক্তরাষ্ট্রের ব্যবসাপ্রতিষ্ঠান, শ্রমিক ও ভোক্তাদের স্বার্থের ক্ষতি করছে কি না, তা যাচাই করা হয়।

সেকশন ৩০১-এর আওতায় যেসব দেশ ও অঞ্চলের বাণিজ্যনীতি পর্যালোচনা করা হয়েছে সেগুলো হলো—চীন, ইউরোপীয় ইউনিয়ন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, বাংলাদেশ, জাপান ও ভারত।

নিজের দ্বিতীয় মেয়াদে ট্রাম্প বারবার বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন এবং কয়েক দফায় শুল্কও বসিয়েছেন। তাঁর দাবি, এই নীতির ফলে যুক্তরাষ্ট্রের উৎপাদনশিল্প শক্তিশালী হবে এবং নতুন কর্মসংস্থান তৈরি হবে।

তথ্যসূত্র: বিবিসি, জাগোনিউজ ইন্টারন্যাশনাল।

Source: জাগো নিউজ২৪