শ্রমিকদের ন্যায্য দাবি ও অধিকার আদায়ের আন্দোলনে বল প্রয়োগ করা হবে না বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. শামসুর রহমান শিমুল বিশ্বাস। তিনি বলেন, শ্রমিকদের আন্দোলনে কোনো ধরনের বল প্রয়োগ যাতে না হয়, সে ব্যাপারে সরকার সতর্ক রয়েছে। একই সঙ্গে শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা, গ্রেফতার ও হয়রানির বিষয়গুলো দ্রুত নিষ্পত্তির আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তথ্যসূত্র: জাগো নিউজ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী, মজুরি বোর্ডের মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন মাহমুদ, মজুরি বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি নেতা বাবুল আখতার, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এবং বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান।
‘ষড়যন্ত্র খোঁজার প্রয়োজন নেই’
শিমুল বিশ্বাস বলেন, শ্রমিক আন্দোলনের মধ্যে ষড়যন্ত্র খোঁজার প্রয়োজন নেই। তবে আন্দোলনকে সুশৃঙ্খল ও নিয়ন্ত্রিত রাখতে দায়িত্বশীল শ্রমিক নেতৃত্বের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাঁর ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক আন্দোলনে আনুষ্ঠানিক শ্রমিক সংগঠনগুলোর নিরঙ্কুশ নেতৃত্ব প্রতিষ্ঠিত না হওয়ায় কিছু ক্ষেত্রে বিশৃঙ্খলা তৈরি হয়েছে। ভবিষ্যতে শ্রমিক আন্দোলনে নেতৃত্বের কার্যকর নিয়ন্ত্রণ ও জবাবদিহি নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন।
নেতৃত্বের দুর্বলতা প্রসঙ্গে তিনি বলেন, ‘যে আন্দোলন আমি ঘোষণা করব, যে আন্দোলন আমি সমর্থন দেব, সেই আন্দোলন আমি থামাতে পারব না—এটা একটা দৈন্যতা।’ তাঁর মতে, শ্রমিক আন্দোলন সুশৃঙ্খল থাকলে সংখ্যাগরিষ্ঠ শ্রমিকই উপকৃত হবেন।
জীবনযাত্রার ব্যয় ও মজুরির প্রসঙ্গ
শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি তুলে ধরে কমিটির সভাপতি বলেন, বর্তমান আয় দিয়ে অনেক শ্রমিকের সংসার চালানো কঠিন। বাড়িভাড়া, চিকিৎসা, সন্তানের পড়াশোনা ও জ্বালানির খরচ বাড়ছে। তিনি উল্লেখ করেন, শুধু মজুরি বাড়িয়ে শ্রমিকদের জীবনমান উন্নয়ন সম্ভব নয়; বেতন ও বোনাসের বাইরেও সামাজিক সুরক্ষা এবং বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।
তিনি জানান, শিল্পঘন সাতটি অঞ্চলে বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি হাসপাতাল উদ্বোধনের প্রস্তুতি রয়েছে। এ ছাড়া শ্রমিকদের জন্য ন্যায্যমূল্যে খাদ্য সরবরাহের ব্যবস্থা করা হয়েছে এবং বর্তমানে ৬০টি স্থানে তাঁরা ন্যায্যমূল্যে খাদ্যপণ্য পাচ্ছেন।
বাড়িভাড়া নিয়ন্ত্রণ ও ফ্যামিলি কার্ড
শিল্পাঞ্চলে বাড়িভাড়া অযৌক্তিকভাবে যাতে না বাড়ানো হয়, সে জন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা চলছে বলে জানান শিমুল বিশ্বাস। সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের মাধ্যমে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, গার্মেন্টসসহ সব খাতের শ্রমিক পরিবারকে অগ্রাধিকার ভিত্তিতে ফ্যামিলি কার্ডের আওতায় আনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পাশাপাশি প্রকৃত শ্রমিকদের মাধ্যমে ট্রেড ইউনিয়ন গড়ে তোলা এবং এসব ইউনিয়নের অনুমোদন নিশ্চিত করতে সরকার কাজ করবে বলেও তিনি জানান।
ঈদ, পূজা ও অন্যান্য ধর্মীয় উৎসবের আগে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে সমস্যা দূর করতে বিশেষ তহবিল গঠনের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। অর্থ উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, উৎসবের সময় শ্রমিকদের ভোগান্তি কমাতে সরকার বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।
শেষে তিনি বলেন, দেশের শ্রমিক শ্রেণি অর্থনীতি ও শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তুলতে হবে। শ্রমিকদের স্বার্থ রক্ষায় সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকারও করেন তিনি।
Source: জাগো নিউজ২৪






