ফেসবুকে ‘বড় লেভেলে খেলার ইচ্ছা, উপজেলার পদ না থাকলেও চলবে’ লেখা স্ট্যাটাস দিয়ে দলীয় পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেওয়া ফরিদপুরের বিএনপি নেতা বোরহান মাহমুদকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিনগত গভীর রাতে ফরিদপুরের মধুখালী উপজেলার একটি ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

বোরহান মাহমুদ বোয়ালমারী উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ছিলেন। জাগোনিউজের প্রতিবেদন অনুযায়ী, গ্রেফতারের আগে ওই রাতেই নিজের বাসার সামনে পুলিশি অবস্থানের প্রতিবাদ ও রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে ফেসবুকে একটি ভিডিও বার্তা দেন তিনি।

বুধবার দিনগত রাত ২টা ৫২ মিনিটে বাসা থেকে দেওয়া ওই ভিডিওতে বোরহান মাহমুদ অভিযোগ করেন, খন্দকার নাসিরুল ইসলামের নির্দেশে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) আমলে যুবলীগ নেতা দাউদের করা একটি মামলায় রাতের আঁধারে তাঁকে গ্রেফতার করতে পুলিশ পাঠানো হয়েছে। তিনি বলেন, ‘আমার সন্তানসম্ভবা স্ত্রী ও অসুস্থ মা বাসায় থাকা অবস্থায় আমাকে এভাবে হয়রানি করা হচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের না ধরে দলের ত্যাগী নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।’

ভিডিও বার্তায় দলীয় নেতৃত্বের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বোরহান মাহমুদ আরও বলেন, ‘আমি কোনো হত্যা মামলার আসামি নই। জেল থেকে বের হয়ে খন্দকার নাসিরুল ইসলামের একক সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেব এবং ফরিদপুর-১ আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করব। দলের সবার মতামত ছাড়া কারও একক স্বেচ্ছাচারিতা চলতে দেওয়া হবে না। বিষয়টি নিয়ে আমি দলের চেয়ারম্যান তারেক রহমানের কাছে বিচার দেব।’

বোরহানের কর্মকাণ্ডের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম জানান, বোরহান কিছুদিন তাঁর ব্যক্তিগত সহকারীর দায়িত্বে ছিলেন। কিন্তু অতি সম্প্রতি তিনি কিছু বিশৃঙ্খল কর্মকাণ্ডে জড়িয়ে পড়লে তাঁকে মৌখিকভাবে নিজের সঙ্গে থাকতে নিষেধ করে দেন তিনি। নাসিরুল ইসলামের ভাষ্য অনুযায়ী, গত দুই-তিন দিন ধরে বোরহান দলের সিনিয়র নেতাদের বিষয়ে ‘আজেবাজে কথা’ বলছেন, যা খুবই খারাপ। তিনি লেখেন, ‘দল থেকে পদত্যাগী ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীর সঙ্গে কেউ যোগাযোগ রাখবেন না এবং তার সঙ্গে আমারও কোনো সম্পর্ক থাকবে না।’

গ্রেফতারের বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, বোরহান মাহমুদ চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি। তাঁকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

তথ্যসূত্র: জাগোনিউজ।

Source: জাগো নিউজ২৪