কক্সবাজারের উখিয়ার ইনানীতে মাটির নিচ থেকে বের হওয়া গ্যাসের আগুন ৩০ দিন পর নিয়ন্ত্রণে এনেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। তবে আপাতত ডাইভার্টার ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। এখন থেকে মাটির নিচ থেকে বের হওয়া গ্যাস পাইপের মাধ্যমে নির্গমন করা হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে ইনানীতে গ্যাসের আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে বাপেক্সের প্রতিনিধি দল। শুক্রবার (২৭ নভেম্বর) কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই আগুন পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বাপেক্সের দল। তবে ঘটনাস্থলে তাদের কার্যক্রম এখনো চলমান রয়েছে।
বাপেক্সের কর্মকর্তা রকিবুল হাসান জানান, ইনানীতে মাটির নিচ থেকে বের হওয়া গ্যাসের সঙ্গে জ্বলতে থাকা আগুন ৩০ দিনের প্রচেষ্টায় প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন ও ডাইভার্টার ব্যবহারের মাধ্যমে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। শুরুতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আগুন জ্বলন্ত অবস্থায় প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন করা। তবে সফলভাবে সেই কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে গ্যাসের আগুন বাপেক্সের নিয়ন্ত্রণে রয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিক পর্যায়ে ১৩ ফুট কেসিং পাইপ স্থাপন করে ডাইভার্টারের মাধ্যমে মাটির নিচ থেকে নির্গত গ্যাস পাইপের ভেতর দিয়ে প্রায় ৪০ ফুট দূরে বাইরে বের হওয়ার ব্যবস্থা করা হয়েছে। আপাতত এই পাইপের মাধ্যমেই গ্যাস নির্গত হচ্ছে। পরবর্তী সময়ে আগে খনন করা প্রায় এক হাজার ফুট গভীর বোরিংয়ে ড্রিল পাইপ প্রবেশ করানো হবে। এরপর বাপেক্সের হাই-প্রেশার সিমেন্টিং ইউনিটের মাধ্যমে পানি ও বেনটোনাইটের মিশ্রণ পাম্প করা হবে। এর মাধ্যমে মাটির নিচে গ্যাস নির্গমনের পথ স্থায়ীভাবে বন্ধ করার পরিকল্পনা রয়েছে।
রকিবুল হাসান বলেন, আপাতত কাজের প্রথম ধাপ সম্পন্ন হয়েছে। এখন সেখানে ভূতাত্ত্বিক জরিপ চালানো হবে। এ জন্য প্রয়োজনীয় বেইজ তৈরি করতে হবে। জরিপ সম্পন্ন করতে প্রায় এক বছর সময় লাগতে পারে। এরপর পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে গ্যাসের সম্ভাব্য মূল কাঠামো ও মজুতের অবস্থান (রিজার্ভ) নির্ধারণ করা হবে।
জানা গেছে, গত ২৭ অক্টোবর কক্সবাজারের উখিয়ার ছোট ইনানীতে আব্দুল্লাহ নামে এক ব্যক্তির মালিকানাধীন একটি ভাড়াবাসার পাশে থাকা পরিত্যক্ত নলকূপ থেকে প্রথমে পানি এবং পরে গ্যাসের সঙ্গে আগুন বের হতে শুরু করে। শুরুতে ঘটনাটিকে সীমিত পরিসরের ‘পকেট গ্যাস’ মনে করে প্রায় ১৫ দিন আগুন জ্বলতে দেওয়া হয়। তবে নির্ধারিত সময়ের পরও আগুন জ্বলতে থাকায় বাপেক্সের বিশেষজ্ঞরা বড় ধরনের গ্যাসের উপস্থিতির সম্ভাবনা বিবেচনায় নেন।
তথ্যসূত্র: জাগো নিউজ-এর প্রতিবেদন অনুযায়ী।
Source: জাগো নিউজ২৪






