জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী একটি পুকুরের তলদেশ থেকে ৪২ কেজি ওজনের দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মূর্তি দুটির আনুমানিক সিজার মূল্য ৪২ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) অধীন হাটখোলা বিওপির সদস্যরা উপজেলার পূর্ব উচনা এলাকায় এ অভিযান চালান।
জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে পূর্ব উচনার একটি পুকুরে কষ্টিপাথরের মূর্তি লুকিয়ে রাখা হয়েছে। পরে বিজিবির দুটি টহল দল ওই এলাকায় অভিযান চালায় এবং পুকুরের পানির নিচে তল্লাশি চালিয়ে মূর্তি দুটি উদ্ধার করে।
উদ্ধার হওয়া মূর্তিগুলোর একটির ওজন ২৫ কেজি এবং অপরটির ১৭ কেজি। বিজিবির ধারণা, ভারতে পাচারের উদ্দেশ্যেই মূর্তি দুটি পুকুরের তলদেশে লুকিয়ে রাখা হয়েছিল।
লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী আরও জানান, উদ্ধার করা মূর্তি দুটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পাহাড়পুর বৌদ্ধ বিহার কর্তৃপক্ষের প্রতিনিধির কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
তথ্যসূত্র: জাগো নিউজ
Source: জাগো নিউজ২৪






