অগ্রহায়ণের সোনালি সকালে শেরপুর শহীদ দারোগা আলী পৌর স্টেডিয়ামে জড়ো হন পাঁচ শতাধিক নারী। নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষ্যে শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে এই মিনি ম্যারাথনে অংশ নেন তাঁরা। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে গোটা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

ভোর ছয়টায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম থেকে পতাকা সংকেতের মাধ্যমে ম্যারাথনের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। এরপর অংশগ্রহণকারী নারীরা মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম থেকে শুরু করে পৌর শহরের অষ্টমীতলা, শেরীব্রীজ মোড়, জেলা পরিষদ, সোনার বাংলা বাসস্ট্যান্ড ও শেরপুর সরকারি কলেজ মোড় হয়ে ডিসি উদ্যানে এসে ম্যারাথন শেষ করেন। মোট দূরত্ব ছিল প্রায় ৬ কিলোমিটার।

ম্যারাথনে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রী, কর্মজীবী নারী ও গৃহিণীসহ নানা বয়সের প্রায় পাঁচ শতাধিক নারী অংশগ্রহণ করেন। সেরা নৈপুণ্য প্রদর্শনকারী ২৫ জন প্রতিযোগীকে সম্মাননা পদক দেওয়া হয়। আর শীর্ষ ১০ জন প্রতিযোগীকে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়। জেলা পরিষদের সৌজন্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের বাইসাইকেল উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে অডিও বার্তার মাধ্যমে বক্তব্য দেন সংরক্ষিত নারী আসন ১৫-এর সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।

পুরো রুটজুড়ে দৌড়বিদদের জন্য পর্যাপ্ত হাইড্রেশন স্টেশন ও মেডিকেল সাপোর্টের ব্যবস্থা রাখা হয়। পাশাপাশি সড়কে শৃঙ্খলা বজায় রাখতে কাজ করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্বেচ্ছাসেবকেরা।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার বলেন, অনুষ্ঠানটি সুশৃঙ্খল করতে প্রতিটি মোড়ে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। যানজট এড়াতেও তাঁরা কাজ করেন। সব মিলিয়ে সুন্দর ও সুশৃঙ্খল একটি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, নারীর শারীরিক ও মানসিক সুস্থতা, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সমাজের সর্বক্ষেত্রে নারীর নিরাপদ ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে ভবিষ্যতে ক্রিকেট টুর্নামেন্ট এবং পুরুষদের জন্যও ম্যারাথন আয়োজন করা হবে।

ফরিদা ইয়াসমিন এই মিনি ম্যারাথন আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট শেরপুর জেলা পুলিশ, জেলা পরিষদ, সিভিল সার্জন, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দকে কৃতজ্ঞতা জানান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ বি এম মামুনুর রশিদ পলাশ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপংকর রায়, উপপরিচালক (স্থানীয় সরকার), অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Source: জাগো নিউজ২৪