জার্মানিতে শিশুপার্কের একটি বেঞ্চে বসে কাঁদার কারণে এক নারীকে ২৫ ইউরো জরিমানা করা হয়েছে। তাঁর সঙ্গে কোনো শিশু না থাকায় পার্কে বসার নিয়ম ভঙ্গ করেছেন বলে তাঁকে জরিমানা করেন স্থানীয় পৌর কর্মকর্তারা। বাংলাদেশি মুদ্রায় জরিমানার পরিমাণ প্রায় ৩ হাজার ৪২৭ টাকা।
জার্মান সংবাদমাধ্যম ডব্লিউডিআরের প্রতিবেদন অনুযায়ী, গত ২৫ অক্টোবর দেশটির গেলসেনকির্শেন শহরে এ ঘটনা ঘটে। ৩১ বছর বয়সী হানা নামের ওই নারী পড়াশোনা ও আর্থিক সংকট নিয়ে প্রচণ্ড মানসিক চাপে ছিলেন। চাপ সামলাতে হাঁটতে বের হয়ে একপর্যায়ে শিশুপার্কের বেঞ্চে বসে খালার সঙ্গে ফোনে কথা বলছিলেন তিনি। তখনই কান্নায় ভেঙে পড়েন।
হানা সংবাদমাধ্যমটিকে বলেন, “তখন পড়াশোনা ও আর্থিক বিষয় নিয়ে আমি প্রচণ্ড চাপের মধ্যে ছিলাম। আমি শুধু একা থাকতে চেয়েছিলাম, যেন কেউ আমাকে দেখতে না পায়।” কিন্তু বেঞ্চে বসে কিছুক্ষণ নিরিবিলি সময় কাটানোর সেই সুযোগও পাননি তিনি। সেখানে থাকা পৌরসভার তিন কর্মকর্তা তাঁর কাছে এসে জানতে চান, দোলনায় খেলতে থাকা দুই ছেলে তাঁর সন্তান কি না। হানা জানান, তারা তাঁর সন্তান নয়। এরপরই তাঁকে ২৫ ইউরো জরিমানা করা হয়।
শিশুপার্কে বসার নিয়ম কী?
গেলসেনকির্শেন শহরের পৌর নিয়ম অনুযায়ী, শিশুপার্কগুলো ১৪ বছর বা তার কম বয়সী শিশুদের জন্য সংরক্ষিত। শিশুদের সঙ্গে না থাকলে সেখানে প্রাপ্তবয়স্কদের প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ। এমনকি, অভিভাবক বা অন্য প্রাপ্তবয়স্করাও শিশুদের সঙ্গে থাকলেই কেবল এসব পার্ক ব্যবহার করতে পারেন।
জরিমানার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন হানা। তাঁর মতে, কর্মকর্তারা চাইলে প্রথমে তাঁর কাছে জানতে পারতেন তিনি ঠিক আছেন কি না, কোনো সাহায্য প্রয়োজন কি না। এরপর পার্কের নিয়ম ব্যাখ্যা করতে পারতেন। তিনি বলেন, “এখানে মানবিকতা কোথায়? কাউকে কাঁদতে দেখলে প্রথমে কি জিজ্ঞেস করা যায় না, আপনি ঠিক আছেন? আপনার কোনো সাহায্য দরকার? এরপর তারা আমাকে বুঝিয়ে বলতে পারতেন, শিশু ছাড়া সেখানে বসা নিষেধ।”
স্থানীয়দেরও ক্ষোভ
হানার সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় স্থানীয় বাসিন্দাদের অনেকেই বিস্মিত ও ক্ষুব্ধ হয়েছেন। তাঁদের মতে, একজন নারী শুধু একটু বিশ্রাম নিতে বেঞ্চে বসেছিলেন, তাঁকে এভাবে জরিমানা করা অযৌক্তিক। এক স্থানীয় বাসিন্দা বলেন, “একজন নারী শুধু একটু বিশ্রাম নিতে চেয়েছেন, তাঁকে জরিমানা করা আমার কাছে অদ্ভুত মনে হচ্ছে।” আরেক নারী বলেন, “আমি এখানে ৬৪ বছর ধরে বসবাস করছি। সবসময় এই বেঞ্চে বসেছি। কখনো কেউ এসে পরীক্ষা করেনি।” অন্য এক বাসিন্দা কর্মকর্তাদের এমন পদক্ষেপকে ‘অত্যন্ত আপত্তিকর’ বলে মন্তব্য করেন।
জরিমানা বাড়ানোর পরিকল্পনা
তবে শহর কর্তৃপক্ষ কর্মকর্তাদের পদক্ষেপের পক্ষে অবস্থান নিয়েছে। সিটি কাউন্সিলের সদস্য সিমন নওয়াক (সিডিইউ) বলেন, “শিশুপার্ক শিশুদের জন্য। তাই শিশুদের সঙ্গে না থাকলে সাধারণত প্রাপ্তবয়স্কদের সেখানে অবস্থান করার অনুমতি নেই।”
শহর কর্তৃপক্ষের দাবি, শিশুপার্কের অননুমোদিত ব্যবহার বন্ধ করা এবং শিশু অপহরণের ঝুঁকি কমানোর জন্য এ ধরনের জরিমানার ব্যবস্থা রাখা হয়েছে। এদিকে, শিশুপার্কে অনুমতি ছাড়া প্রবেশ বা অবস্থানের জরিমানা বাড়ানোর প্রস্তাব নিয়ে আলোচনা করছে সিটি কাউন্সিল। বর্তমানে এ ধরনের অপরাধে সর্বোচ্চ ৫৫ ইউরো জরিমানা করা যায়। প্রস্তাব অনুযায়ী, তা বাড়িয়ে ৬০ ইউরো করার পরিকল্পনা রয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৮ হাজার ২৫২ টাকা।
তথ্যসূত্র: জাগো নিউজের আন্তর্জাতিক ডেস্ক, ডব্লিউডিআর ও এনডিটিভি’র প্রতিবেদন অনুযায়ী।
Source: জাগো নিউজ২৪






