ফিলিস্তিনি বন্দীদের কাছ থেকে জোর করে স্বীকারোক্তি আদায়ের জন্য নির্যাতনকে বৈধতা দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের জিজ্ঞাসাবাদে নির্যাতন এখন নিয়মিত পদ্ধতি হয়ে উঠেছে বলে জানিয়েছে ইসরায়েলের নির্যাতনবিরোধী সংগঠন পাবলিক কমিটি অ্যাগেইনস্ট টর্চার ইন ইসরায়েল (পিসিএটিআই)।

গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে পিসিএটিআই জানায়, গত এক দশকে শিন বেতের জিজ্ঞাসাবাদকারীদের বিরুদ্ধে ৪২টি অভিযোগ পর্যালোচনা করে দেখা গেছে, অভিযোগকারীদের তিন-চতুর্থাংশের বেশি নির্যাতন বা অন্য বেআইনি পদ্ধতির শিকার হওয়ার পর স্বীকারোক্তি দিয়েছেন। প্রতি ১০ জনে একজন নির্যাতনের মুখে অন্য ব্যক্তিদের বিরুদ্ধেও অভিযোগ করেছেন।

প্রতিবেদন অনুযায়ী, জিজ্ঞাসাবাদের সময় ফিলিস্তিনি বন্দীদের দীর্ঘ সময় ঘুমাতে দেওয়া হয় না। তাদের চড়-লাথি মারা, হুমকি দেওয়া ও যৌন নির্যাতনের মতো ঘটনাও প্রায়ই ঘটে। এ ছাড়া, দীর্ঘক্ষণ অস্বাভাবিক শারীরিক ভঙ্গিতে আটকে রেখেও নির্যাতন চালানো হয়। এসব ঘটনার কিছু তথ্য শিন বেতের সরকারি নথিতেও পাওয়া গেছে।

পিসিএটিআই নির্যাতনের একটি উদাহরণ তুলে ধরে জানায়, ২০১৯ সালের ফেব্রুয়ারিতে এক ফিলিস্তিনি আইনজীবীকে গ্রেপ্তারের পর টানা ২৭ দিন ১২ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তাঁকে ৫৫২ ঘণ্টার বেশি প্রশ্ন করা হয়েছিল। দিনে গড়ে ২০ ঘণ্টা করে জিজ্ঞাসাবাদ চলে। একবার ওই আইনজীবীকে টানা প্রায় ৪৮ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে নির্যাতনের মাধ্যমে আদায় করা তথ্যের ভিত্তিতে তাঁকে গুলির ঘটনায় জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়।

উল্লেখ্য, ১৯৯৯ সালে জিজ্ঞাসাবাদের সময় ইচ্ছাকৃতভাবে কাউকে ঘুমাতে না দেওয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন ইসরায়েলের সুপ্রিম কোর্ট।

পিসিএটিআই আরও জানায়, ২০০১ থেকে ২০২৪ সাল পর্যন্ত শিন বেতের জিজ্ঞাসাবাদ নিয়ে ১ হাজার ৬৮০টির বেশি নির্যাতনের অভিযোগ জমা পড়েছে। তবে, এত অভিযোগ জমা পড়লেও একটির ভিত্তিতেও কাউকে বিচারের মুখোমুখি করা হয়নি।

সংগঠনটির নির্বাহী পরিচালক সারি বাশি বলেন, ফিলিস্তিনি বন্দীদের কাছ থেকে স্বীকারোক্তি আদায়ের জন্য ইসরায়েলের আইনি ব্যবস্থায় নির্যাতনকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হচ্ছে। স্বীকারোক্তিতে দেওয়া তথ্য সত্য কি না, তাও বিবেচনায় নেওয়া হচ্ছে না। তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদের সময় নির্দিষ্ট পরিস্থিতিতে নির্যাতন চালানোর অনুমতি দেওয়া হচ্ছে। অর্থাৎ, নির্যাতনের মাধ্যমে আদায় করা স্বীকারোক্তিতে দেওয়া তথ্য সত্য কি না, সেটিও গুরুত্ব পাচ্ছে না।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল জাতিসংঘের নির্যাতনবিরোধী সনদে স্বাক্ষর করলেও নির্যাতনের সুযোগ রেখেছে। কোনো জিজ্ঞাসাবাদে নির্যাতনকে ‘প্রয়োজনীয়’ মনে করলে শিন বেতের কর্মকর্তারা ঊর্ধ্বতনদের অনুমতি নিয়ে তা চালাতে পারেন।

এদিকে, গত মার্চে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে একটি আইন পাস হয়েছে। এতে প্রাণঘাতী হামলায় সন্ত্রাসবাদের অভিযোগে দোষী সাব্যস্ত ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড দেওয়ার বিধান রাখা হয়েছে। তবে, একই ধরনের অপরাধে জড়িত ইহুদি ইসরায়েলিদের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে না বলে বলা হয়েছে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক সতর্ক করে বলেছেন, আইনটি কার্যকর হলে তা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে।

পিসিএটিআইয়ের আশঙ্কা, নির্যাতনের মাধ্যমে আদায় করা স্বীকারোক্তির ভিত্তিতে মৃত্যুদণ্ড দেওয়া হলে বিচারব্যবস্থায় গুরুতর ভুলের ঝুঁকি তৈরি হবে।

সংগঠনটি আরও জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবরের পর ইসরায়েলি কারাগারে বন্দীদের ওপর নির্যাতন ব্যাপকভাবে বেড়েছে। এ সময় মারধর, কুকুর দিয়ে আক্রমণ, বৈদ্যুতিক শক, হুমকি ও ধর্ষণের মতো ঘটনার তথ্য নথিভুক্ত করেছে মানবাধিকার সংগঠনগুলো। ওই সময়ের পর থেকে ইসরায়েলের হেফাজতে অন্তত ১০৩ জন ফিলিস্তিনি বন্দীর মৃত্যু হয়েছে।

সূত্র: জাগো নিউজ ইন্টারন্যাশনাল

Source: জাগো নিউজ২৪