কুয়েতে ড্রোন হামলার ঘটনায় ইরানের জড়িত থাকার অভিযোগ দৃঢ়ভাবে নাকচ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। একইসঙ্গে ঘটনার প্রকৃত উৎস ও দায়ীদের শনাক্ত করতে কুয়েত ও ইতালির সরকারের সঙ্গে যৌথ তদন্তে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে তেহরান।

তথ্যসূত্র: জাগো নিউজ ইন্টারন্যাশনাল

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জাররাহ জাবের আল-আহমদ আল-সাবাহর সঙ্গে টেলিফোনে কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এ সময় তিনি কুয়েতে ড্রোন হামলা চালানোর অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, এই ঘটনার সঙ্গে ইসলামী প্রজাতন্ত্র ইরানের কোনো ধরনের সম্পৃক্ততা নেই।

আরাগচি ঘটনায় প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতির জন্য দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি ঘটনার সব দিক খতিয়ে দেখা, এর উৎস শনাক্ত করা এবং দায়ীদের চিহ্নিত করতে কুয়েতের সঙ্গে যৌথ তদন্তে কাজ করার প্রস্তুতির কথাও জানান তিনি।

বৃহস্পতিবার রাতে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানির সঙ্গেও টেলিফোনে কথা বলেন আরাগচি। কুয়েতে ড্রোন হামলার ঘটনায় দুই ইতালীয় নাগরিকের মৃত্যুর জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। একইসঙ্গে ইতালির সরকার ও জনগণের প্রতি সমবেদনা জানান তিনি।

ইরানের বিরুদ্ধে ওঠা অভিযোগকে ভিত্তিহীন বলেও উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী আরাগচি। তিনি পুনরায় বলেন, ওই ঘটনায় ইরানের কোনো ভূমিকা ছিল না। ঘটনার প্রকৃত উৎস উদঘাটন এবং এর বিভিন্ন দিক তদন্তে কুয়েত ও ইতালির সরকারের সঙ্গে সহযোগিতা করতে তেহরান প্রস্তুত বলেও জানান তিনি।

Source: জাগো নিউজ২৪