যশোরের ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) গৃহীত ৩০০ কোটি টাকার 'বৃহত্তর যশোর জেলার জলাবদ্ধতা দূরীকরণ ও সেচ এলাকা উন্নয়ন' শীর্ষক প্রকল্প থেকে ভবদহ অঞ্চলকে বাদ দেওয়ার দাবি জানানো হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে যশোরের জেলা প্রশাসকের মাধ্যমে পানিসম্পদ ও কৃষিমন্ত্রী বরাবর পৃথক দুটি স্মারকলিপি দিয়ে এই দাবি জানানো হয় ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটিসহ স্থানীয় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে।

স্মারকলিপি দেওয়ার পর যশোর কালেক্টরেট চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ। তিনি বলেন, ভবদহের সমস্যা শুধু বৃহত্তর যশোর জেলার মধ্যে সীমাবদ্ধ নয়। এটি যশোর, খুলনা ও সাতক্ষীরা জেলা মিলিয়ে একটি বিশেষায়িত সমস্যা। তিনি অভিযোগ করেন, নড়াইল, মাগুরা ও ঝিনাইদহের সেচ প্রকল্প ভবদহের নামে পরিচালিত হচ্ছে, যা ভবদহবাসীর সঙ্গে প্রতারণার শামিল।

স্মারকলিপিতে বলা হয়েছে, ভবদহ জলাবদ্ধতা দূরীকরণের কথা বলে বৃহত্তর যশোরের যে এলাকাগুলোকে প্রকল্পের আওতায় আনা হয়েছে, সেগুলোর সঙ্গে ভবদহ জলাবদ্ধতা নিরসনের কোনো সম্পর্ক নেই। স্মারকলিপিতে আরও বলা হয়, অবাস্তব তথ্য দিয়ে জনগণ ও সরকারকে বিভ্রান্ত করে প্রকল্পের সুবিধা নেওয়ার চেষ্টা না করে ভবদহ সমস্যা সমাধানের জন্য আলাদা ও বাস্তবমুখী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, সেচ প্রকল্পের মাধ্যমে ভবদহ জলাবদ্ধতা নিরসন সম্ভব নয়—এটি ইতিমধ্যে বহুবার প্রমাণিত হয়েছে। ২০২০ সাল থেকে পানি উন্নয়ন বোর্ড বৈদ্যুতিক সেচযন্ত্র দিয়ে পানি সেচের কাজ শুরু করে; ২০২১ সাল পর্যন্ত এই খাতে ১ কোটি ৬১ লাখ টাকা ব্যয় হয় এবং পরে খরচ আরও বেড়েছে। কিন্তু সমস্যার সমাধান হয়নি, বরং জলাবদ্ধতায় জনজীবনের বিপর্যয় অব্যাহত রয়েছে। এ অবস্থায় ভবদহ স্লুইসগেট থেকে বারোয়াউড়িয়া মোহনা পর্যন্ত প্রায় ৬০ কিলোমিটার নদী ভরাট হয়ে গেছে।

স্মারকলিপিতে আরও বলা হয়েছে, বিএডিসি বিল কপালিয়ায় ৩ ভেন্টে যে সেচ পাম্প চালু করেছিল, তা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ভবদহের ২১ ভেন্ট স্লুইসগেটের ওপর ১৪টি এবং ৯ ভেন্ট স্লুইসগেটের ওপর ৬টি বৈদ্যুতিক সেচযন্ত্র বসিয়ে একপাশের নদী থেকে পানি সেচ করে পাইপের মাধ্যমে অপর পাশে নদীতে ফেলা হচ্ছে। এছাড়া মুক্তেশ্বরী, টেকা, হরি, তেলিগাতী, গ্যাংরাইল হয়ে মোহনা পর্যন্ত ১৩০ কিলোমিটার নদী-খাল পলি ভরাট হয়ে যাওয়ায় ৬০টির বেশি বিল ও জনপদ জলাবদ্ধতার শিকার। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, নদী-খাল সচল না করলে সেচের মাধ্যমে পানি নিষ্কাশন সম্ভব নয়।

স্মারকলিপিতে আরও বলা হয়, বর্তমানে চলমান নদী খনন এবং ভবদহের ২১ ভেন্ট ও ৯ ভেন্টের গেটগুলো সচল করায় ব্যাপক পানি নিষ্কাশিত হচ্ছে। এর পাশাপাশি যুগপৎভাবে বিলে বিলে জোয়ারাধার (টিআরএম) চালু করলে দীর্ঘমেয়াদি সমাধান আসতে পারে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।

স্মারকলিপিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, ভারপ্রাপ্ত আহ্বায়ক গাজী আব্দুল হামিদ, সদস্য সচিব চৈতন্য কুমার পাল, ভবদহ মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ ও উত্তরণের কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি আব্দুল মতলেব সরদার, ২৭ বিল বাঁচাও আন্দোলন কমিটির আহ্বায়ক বাবুর আলী গোলদার, ভবদহ পানি নিষ্কাশন ও কৃষিজমি রক্ষা জোটের সদস্য সচিব মো. আব্দুল লতিফ, অভয়নগরের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও পায়রা ইউনিয়ন বিএনপির সভাপতি এবং উত্তরণের পানি কমিটির সাধারণ সম্পাদক ইমাদ উদ্দীন গাজী, সুন্দলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিকাশ মল্লিক, পায়রা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ফকিরহাট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. ফিরোজ আলম, ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আইন বিষয়ক সম্পাদক অধ্যাপক অনিল বিশ্বাস, সদস্য শিব পদ বিশ্বাস, উপদেষ্টা তসলিম উর রহমান, ভবদহ পানি নিষ্কাশন ও কৃষিজমি রক্ষা জোটের সদস্য সৈয়দ সিরাজুল হক এবং চলিশিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও পানি কমিটির যুগ্ম সম্পাদক নূর জালাল হোসেন প্রমুখ।

Source: জাগো নিউজ২৪