ফ্রান্সভিত্তিক আন্তর্জাতিক বার্তাসংস্থা আগেন্স ফ্রান্স-প্রেসে (এএফপি) সাইবার হামলার ঘটনা ঘটেছে। এ কারণে সংস্থাটির গ্রাহকদের জন্য নির্ধারিত সংবাদ ও কনটেন্ট আদান-প্রদানের প্ল্যাটফর্ম ‘এএফপি ফোরাম’ বন্ধ রাখা হয়েছে।
গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এএফপির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, হামলার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্ল্যাটফর্মটি বন্ধ করে দেওয়া হয়েছে।
ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পাঠানো অভ্যন্তরীণ ই-মেইল অনুযায়ী, প্যারিসের স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে হামলাটি শুরু হয়। এএফপি ফোরাম ব্যবহার করে সংস্থাটির গ্রাহকেরা সংবাদ, ছবি ও অন্যান্য কনটেন্ট দেখতে এবং ডাউনলোড করতে পারেন।
এএফপি জানিয়েছে, সাইবার হামলার বিষয়টি শনাক্ত হওয়ার পরপরই সংস্থাটির প্রযুক্তি দল অনুপ্রবেশ ঠেকাতে কাজ শুরু করে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্ল্যাটফর্মটি বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি চালু করা হবে না।
প্ল্যাটফর্মটি বন্ধ থাকায় গ্রাহকদের সেবা দিতে বিকল্প ব্যবস্থা করছে সংস্থাটি। একই সঙ্গে, বাইরের বিশেষজ্ঞদের সহায়তায় ঘটনার তদন্ত চলছে। তবে, কারা এ হামলা চালিয়েছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে এএফপি।
সম্প্রতি ফ্রান্সসহ বিভিন্ন দেশে সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি সংস্থার ওপর একের পর এক সাইবার হামলার ঘটনা ঘটছে। এসব হামলার কিছু আর্থিক লাভের উদ্দেশ্যে অপরাধী গোষ্ঠীগুলো চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। আবার কিছু হামলার উদ্দেশ্য ছিল বিভিন্ন দেশে অস্থির পরিস্থিতি তৈরি করা বলে বিশ্লেষকদের দাবি।
সূত্র: আনাদোলু এজেন্সি।
Source: জাগো নিউজ২৪






