যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কাছ থেকে ইরানের দুটি তেলবাহী ট্যাংকার উদ্ধার করার কথা জানিয়েছে ইরানের নৌবাহিনী। দেশটির নৌবাহিনীর কমান্ডার শাহরাম ইরানি এ দাবি করেছেন বলে জানিয়েছে ইরানি বার্তা সংস্থা তাসনিম।

তাসনিমের প্রতিবেদনে শাহরাম ইরানিকে উদ্ধৃত করে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের দুটি তেলবাহী ট্যাংকার চুরি করেছিল। কমান্ডার ইরানি আরও দাবি করেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার বিনিময়ে জাহাজের মালিকদের কাছ থেকে অর্থ নিচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

তবে ট্যাংকার দুটি ঠিক কখন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী নিয়ে গিয়েছিল এবং কখন ইরান সেগুলো উদ্ধার করেছে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। ইরানের এসব অভিযোগের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র।

অন্যদিকে কুয়েতে ড্রোন হামলার ঘটনায় ইরানের জড়িত থাকার অভিযোগ সরাসরি নাকচ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। একইসঙ্গে ঘটনার প্রকৃত উৎস ও দায়ীদের শনাক্ত করতে কুয়েত ও ইতালির সরকারের সঙ্গে যৌথ তদন্তে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে তেহরান।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জাররাহ জাবের আল-আহমদ আল-সাবাহর সঙ্গে টেলিফোনে কথা বলেন আরাগচি। এ সময় তিনি কুয়েতে ড্রোন হামলা চালানোর অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, এ ঘটনার সঙ্গে ইসলামী প্রজাতন্ত্র ইরানের কোনো ধরনের সম্পৃক্ততা নেই।

সূত্র: আল-জাজিরা।

Source: জাগো নিউজ২৪