চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আহলা দরবার শরিফে শাহসূফি সৈয়দ মাওলানা মাজহারুল ইসলাম আল মাইজভান্ডারীর (ইসলাম মাওলা) ৪৪তম ওরস আগামী ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এই ওরস উপলক্ষে আঞ্জুমানে আছাদিয়া ইসলামিয়া খেদমত পরিষদের উদ্যোগে শুক্রবার (২৭ নভেম্বর) প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।

প্রস্তুতিসভাটি চট্টগ্রামের চকবাজার কাতালগঞ্জ আবাসিক এলাকায় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহলা দরবার শরিফের সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ মোহাম্মদ কুতুব উদ্দিন রাসেল। সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হেলাল উদ্দিন আহমেদ, সেকশন অফিসার মাসুদ ফরহান অভি, ব্যাংক কর্মকর্তা মো. ফরহান শাহ ও মো. রায়হান শাহ।

সংগঠনের চেয়ারম্যান কুতুব উদ্দিন রাসেল বলেন, আগামী ১৪ ডিসেম্বর মহাসমারোহে আহলা দরবার শরিফে ইসলাম মাওলার ওরস অনুষ্ঠিত হবে। এই উপলক্ষ্যে দরবার শরিফ প্রাঙ্গণে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে খতমে কোরআন, হামদ ও নাতে রাসুল, ওয়াজ মাহফিল, ফাতেহা পাঠ, জিকির, মিলাদ, দোয়া ও ছেমা মাহফিল।

ভক্তদের সুবিধা বিবেচনায় নিয়ে ওরসের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করার প্রস্তুতি ইতিমধ্যে নেওয়া হয়েছে বলে তিনি জানান। জাগো নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

Source: জাগো নিউজ২৪