জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় জমির সীমানা নিয়ে বিরোধের জেরে এক ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছোট ভাইয়ের বিরুদ্ধে। আজ শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার কোতোয়ালীবাগ গ্রামে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। নিহত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন (৭৬) এবং অভিযুক্ত ব্যক্তির নাম নবীনুর রহমান। তাঁরা দুজনই ওই গ্রামের মৃত জামাতুল্ল্যার ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, আজ ভোরে দেলোয়ার হোসেন বাড়ির পাশের মাঠে কাজ করতে যান। সেখানে জমির সীমানা নিয়ে ছোট ভাই নবীনুরের সঙ্গে তাঁর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নবীনুরের হাতে থাকা হাসুয়া দিয়ে বড় ভাইকে কুপিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই দেলোয়ারের মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয় লোকজন ধাওয়া করে নবীনুরকে আটক করেন। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
নিহতের ছেলে রুহুল আমীন বলেন, সকালে তিনিও পাশের জমিতে কাজ করছিলেন। এ সময় প্রতিবেশী মনসুর তাঁকে জানান, তাঁর বাবা ও চাচার মধ্যে মারামারি হয়েছে। খবর পেয়ে দ্রুত বাবার কাছে গিয়ে দেখেন, তাঁর বাবা আহত অবস্থায় পড়ে আছেন এবং চাচা পালিয়ে যাচ্ছেন। বাড়ি থেকে গাড়ি এনে বাবাকে হাসপাতালে নেওয়ার সুযোগও পাননি। ঘটনাস্থলেই তাঁর বাবার মৃত্যু হয়েছে। তিনি এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত হাসুয়া ও একটি কোদাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত নবীনুরকেও আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
Source: জাগো নিউজ২৪






