জাল জন্মনিবন্ধন সনদ তৈরি করে পাসপোর্ট করার চেষ্টার অভিযোগে নেত্রকোনায় দুই রোহিঙ্গা নাগরিকসহ চারজনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নেত্রকোনার আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদন করতে গেলে এক তরুণীর পরিচয় ও জমা দেওয়া কাগজপত্র নিয়ে কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে বিষয়টি জানাজানি হলে তাদের আটক করা হয়।

আটক তরুণীর নাম কাউসার বিবি ওরফে শাহারা খাতুন (১৯)। অন্য আটক ব্যক্তিরা হলেন রোহিঙ্গা নাগরিক রশিদউল্লাহ ওরফে বদিউল আলম (৪০), পূর্বধলার ধলামূলগাঁও ইউনিয়নের পাটলি গ্রামের আব্দুল জলিল (৪২) এবং সদর ইউনিয়নের ইলাশপুর গ্রামের মো. আজিজুল (৩০)।

জানা গেছে, গত ২৪ নভেম্বর কাউসার তার বাবার সঙ্গে পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়নের পাটলি গ্রামের একটি বাড়িতে আসেন। অভিযোগ রয়েছে, প্রায় দুই মাস আগে স্থানীয় কয়েকজনের সহযোগিতায় জাল কাগজপত্র তৈরি করে তার নামে জন্মনিবন্ধন সনদ নেওয়া হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের দুই উদ্যোক্তার জড়িত থাকার অভিযোগও উঠেছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, আটক দুই রোহিঙ্গা দালালের মাধ্যমে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবির থেকে নেত্রকোনায় আসেন। পাসপোর্টের জন্য আবেদন করতে গেলে কাউসারের কথাবার্তা ও দাখিল করা কাগজপত্রে অসঙ্গতি পান পাসপোর্ট কার্যালয়ের কর্মকর্তারা। পরে বিষয়টি পূর্বধলার আগিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানানো হয়।

চেয়ারম্যান সানোয়ার হোসেন চৌধুরী জানান, বাংলাদেশি পরিচয় নিয়ে পাসপোর্ট করার চেষ্টার বিষয়টি জানার পর সেখান থেকে সংশ্লিষ্ট ব্যক্তিদের পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নেওয়া হয়। পরে ইউএনওর নির্দেশে বৃহস্পতিবার বিকেলে চারজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, বৃহস্পতিবার রাতে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

তথ্যসূত্র: জাগো নিউজ।

Source: জাগো নিউজ২৪