দেশের অভ্যন্তরীণ মাংসের চাহিদা পূরণের পর মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক বাজারে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউ সড়কে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’ উপলক্ষে আয়োজিত একটি বর্ণাঢ্য র‍্যালির শুরুতে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী টুকু বলেন, সরকার দেশের মাংসের চাহিদা পূরণে খামারিদের উৎসাহিত করতে বিভিন্ন ধরনের প্রণোদনা ও সহায়তা দিচ্ছে। ভবিষ্যতে দেশের চাহিদা মিটিয়েই মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক বাজারে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি, পুষ্টিনিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লাখ লাখ মানুষ জড়িত।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, প্রাণিসম্পদের উন্নয়ন ও সম্প্রসারণের ফলে চরাঞ্চলের মানুষও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন। গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে এ খাতের সম্ভাবনা কাজে লাগাতে সরকার নানান উদ্যোগ নিয়েছে।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে শুরু হওয়া র‍্যালিটি মানিক মিয়া অ্যাভিনিউ সড়ক প্রদক্ষিণ করে পুরোনো বাণিজ্য মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান, মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ভ্যাব) ভারপ্রাপ্ত সভাপতি ডা. মো. আব্দুর রহিমসহ অ্যাসোসিয়েশনের সদস্য, দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারী, ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি, খামারি, উদ্যোক্তা এবং প্রাণিসম্পদ খাতের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

তথ্যসূত্র: জাগো নিউজ।

Source: জাগো নিউজ২৪