ভারতের তামিলনাড়ুতে প্রথমবারের মতো পুরুষ সরকারি কর্মীদের জন্য পিতৃত্বকালীন ছুটি চালু করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের সরকার। গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এক ঘোষণায় জানানো হয়, রাজ্যের বিবাহিত পুরুষ সরকারি কর্মীরা সন্তানের জন্ম উপলক্ষে এখন থেকে ১৫ দিনের ছুটি পাবেন।
মুখ্যমন্ত্রীর কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তামিলনাড়ুতে এই প্রথম পুরুষ সরকারি কর্মীদের জন্য পিতৃত্বকালীন ছুটির ব্যবস্থা চালু করা হলো। নতুন নিয়ম অনুযায়ী, কোনো পুরুষ সরকারি কর্মী সন্তানের জন্মের সম্ভাব্য তারিখের ১৫ দিন আগে অথবা জন্মের পর ছয় মাসের মধ্যে যেকোনো সময় এই ছুটি নিতে পারবেন।
রাজ্য সরকারের ভাষ্য, সন্তানের জন্মের সময় মা ও নবজাতকের বিশেষ যত্নের প্রয়োজন হয়। এ সময় মাকে শারীরিক ও মানসিক সহায়তা দেওয়ার পাশাপাশি শিশুর দেখভালে বাবার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এত দিন তামিলনাড়ুতে নারী সরকারি কর্মীরা ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি পেতেন। তবে পুরুষ কর্মীদের জন্য পিতৃত্বকালীন ছুটির কোনো ব্যবস্থা ছিল না। দীর্ঘদিন ধরে পুরুষ কর্মীরা এই সুবিধার দাবি জানিয়ে আসছিলেন। কর্মীদের সেই দাবির পরিপ্রেক্ষিতেই এবার ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি অনুমোদন করল রাজ্য সরকার। এর ফলে সন্তানের জন্মের সময় বাবারাও পরিবারের পাশে থাকার সুযোগ পাবেন।
এর আগে, দুই মাসের কিছু বেশি সময় আগে নারী সরকারি কর্মীদের তৃতীয় সন্তানের জন্মের ক্ষেত্রেও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেয় বিজয় সরকার। এর ফলে প্রথম দুই সন্তানের মতো তৃতীয় সন্তানের জন্মের সময়ও সমান ছুটি পাওয়ার সুযোগ তৈরি হয়।
সূত্র: ইন্ডিয়া টুডে
Source: জাগো নিউজ২৪






