ভারতের বিহারে এক রাজনীতিকের মেয়ের বিয়েতে প্রায় চার লাখ অতিথির উপস্থিতিতে আশপাশের সড়কগুলোতে তীব্র যানজট তৈরি হয়েছে। বিয়েবাড়িতে অতিথির ভিড় নতুন কিছু নয়, তবে সেই ভিড় যখন কয়েক লাখে পৌঁছায়, তখন পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে।

গত বুধবার (২৫ নভেম্বর) বিহারের নাদাওয়া গ্রামে পারিবারিক বাড়িতে মেয়ে শিবাঙ্গী সিংয়ের সঙ্গে ঋষিকেশ কুমারের বিয়ের আয়োজন করেন পাঁচবারের বিধায়ক অনন্ত সিং। অনুষ্ঠানে প্রায় চার লাখ অতিথির আপ্যায়নের ব্যবস্থা করা হয়।

সেই বিপুল সংখ্যক মানুষের জন্য আড়াই হেক্টর জায়গাজুড়ে নানা ব্যবস্থা নেওয়া হয়েছিল। অতিথিদের জন্য পাঁচ লাখ পিস ঐতিহ্যবাহী মিষ্টি তৈরি করা হয়। খাবার রান্নায় নিয়োজিত ছিলেন ৫০০ রাঁধুনি ও বাবুর্চি। খাসির মাংসের কাবাব ও তরকারি রান্নার জন্য প্রায় এক হাজার কেজি মাংস ব্যবহার করা হয়।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা গুরুত্বপূর্ণ অতিথিদের জন্য ছয়টি অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়। বর ঋষিকেশ কুমার ১৫১টি গাড়ির বহর নিয়ে বিয়ের অনুষ্ঠানে আসেন। তার পরনে ছিল সানগ্লাস, হাতে কমলা রঙের স্কার্ফ। বরকে উপহার হিসেবে একটি ল্যান্ড রোভার ডিফেন্ডার গাড়ি দেওয়া হয়। এছাড়া চীন থেকে আনা ফুল দিয়ে সাজানো হয়েছিল বিয়ের অনুষ্ঠানস্থল। রাতে আতশবাজির আয়োজন ছিল।

তবে এই বিশাল আয়োজনের কারণে স্থানীয় বাসিন্দাদের ভোগান্তিও দেখা দেয়। বিয়ের অনুষ্ঠানস্থলে যাওয়ার সড়কগুলোতে গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়। যানজটে আটকে পড়ে অনেক গাড়ি। একজন অতিথি যানজট এড়াতে ট্রাক্টরে চড়ে আশপাশের মাঠ পেরিয়ে অনুষ্ঠানে পৌঁছান বলে জানা গেছে।

সাধারণত বিয়েবাড়িতে নাচগানের আয়োজন দেখা যায়। তবে অনন্ত সিং করেছিলেন ভিন্ন আয়োজন—নাচগানের বদলে তিনি ঘোড়দৌড়ের আয়োজন করেন। কিন্তু খেলা দেখতে আমন্ত্রিত অতিথিদের বাইরেও অনেক মানুষ গাছ ও বিদ্যুতের খুঁটিতে উঠে পড়েন। বিশৃঙ্খলা বেড়ে যাওয়ায় শেষ মুহূর্তে ঘোড়দৌড়টি বাতিল করতে হয়।

অনন্ত সিং বিহারের পাঁচবারের বিধায়ক। তার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, চাঁদাবাজি ও অপহরণসহ ২৮টি ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে। তবে তিনি কোনো অপরাধে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। বিয়ের আগে এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, বড় মেয়ের বিয়েতেও একই ধরনের আয়োজন করেছিলেন তিনি।

এদিকে ভারতে বিয়ের মৌসুমে সবচেয়ে বেশি বিয়ে হয়ে থাকে। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে প্রায় ৫২ লাখ বিয়ে হবে বলে ধারণা করা হচ্ছে।

তথ্যসূত্র: জাগো নিউজ ইন্টারন্যাশনাল ও দ্য গার্ডিয়ান

Source: জাগো নিউজ২৪