গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি টহলদলের ওপর হামলা, সরকারি যানবাহনে অগ্নিসংযোগ, গোলাবারুদ ধ্বংস ও সরঞ্জাম লুটের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গত ২৩ নভেম্বর, সোমবার বিজিবির খুলনা সেক্টর সদর দপ্তরের নায়েব সুবেদার মো. শওকত আলী বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলাটি করেন। মামলায় আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও পাঁচ হাজার জনকে আসামি করা হয়েছে।

মামলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লাকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়াও গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়াল, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেন খোকন, বর্তমান উপজেলা ছাত্রলীগের সভাপতি শামছুল হক, সহ-সভাপতি রিপন শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন বিশ্বাসসহ মোট আটজনের নাম মামলায় উল্লেখ রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৭ নভেম্বর গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেসামরিক প্রশাসনকে সহযোগিতার অংশ হিসেবে পুলিশ, আনসার ও বিজিবি সদস্যরা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিহাব ইমামের নেতৃত্বে টহল দিচ্ছিল। এ সময় টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পেয়ে তারা সেদিকে রওনা দেয়। উপজেলার নিলফা বাজারে পৌঁছালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সড়কে গাছ ফেলে পথ রোধ করে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, বিজিবির পক্ষ থেকে তাদের সরে যাওয়ার অনুরোধ করা হলে একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে বিজিবি সদস্যদের ওপর হামলা চালিয়ে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ সময় বিজিবির একটি সাঁজোয়া কর্মীবাহী বাহন (এপিসি) ও একটি জিপ গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে বাধা দিতে গিয়ে বিজিবির নায়েক মো. মনির হোসেন, আসাদুজ্জামান, ফারুক হোসেন ও সহকারী পরিচালক মো. সাইফিয়া রহমান হামলার শিকার হয়ে গুরুতর আহত হন।

হামলায় বিজিবির একটি পাজেরো জিপ ও একটি এপিসি কোবরা সম্পূর্ণ পুড়ে যায়। জিপে থাকা ৯০ রাউন্ড গুলি ও তিনটি এসএমজির ম্যাগাজিনও পুড়ে ভস্মীভূত হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অপর একটি এপিসির টায়ার, ফগ লাইট ও পিকআপের উইন্ডশিল্ড ক্ষতিগ্রস্ত হয়। বিজিবির গাড়িতে থাকা একটি সরকারি এইচপি ল্যাপটপ, ওয়াকিটকি সেট, ব্যাটারি ও চার্জার লুট করা হয়। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির আনুমানিক মূল্য ৬ কোটি ৫১ লাখ টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু জানান, বিজিবির গাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় বিজিবির পক্ষ থেকে একটি মামলা হয়েছে। তবে এই মামলায় এ পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তিনি আরও জানান, বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

তথ্যসূত্র: জাগো নিউজ

Source: জাগো নিউজ২৪