ঢাকার কেরানীগঞ্জে একটি গ্যাস পাইপলাইনের ওপর অবৈধভাবে পাইলিং করার কারণে পাইপলাইনে লিকেজ সৃষ্টি হয়েছে। এ ঘটনায় পাইপলাইন মেরামতের কাজ চলায় দক্ষিণ কেরানীগঞ্জসহ আশপাশের কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কালিবাড়ী রোডের চুনকুটিয়া এলাকায় আট ইঞ্চি ব্যাসের ১৫০ পিএসআইজি গ্যাস পাইপলাইনের ওপর অবৈধভাবে পাইলিং করার ফলে লিকেজের সৃষ্টি হয়। বর্তমানে লিকেজ মেরামতের কাজ চলছে।
এ কারণে দক্ষিণ কেরানীগঞ্জ, জিনজিরা, চুনকুটিয়া, কালিগঞ্জ, বেগুনবাড়ী, খোলামোড়া ও তৎসংলগ্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।
মেরামতকাজ শেষ হওয়ার পর যত দ্রুত সম্ভব এসব এলাকায় গ্যাস সরবরাহ পুনরায় চালু করা হবে বলে জানিয়েছে তিতাস। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখপ্রকাশ করেছে গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠানটি।
Source: জাগো নিউজ২৪






