মিয়ানমারের গৃহযুদ্ধকবলিত এলাকায় বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি চলাকালে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। শনিবার (২৮ নভেম্বর) দেশটির শান ও কারেনি রাজ্যের সীমান্তবর্তী মোয়ে বাই এলাকার একটি গ্রামে এই হামলা চালানো হয়। নিহতদের মধ্যে পাঁচটি শিশু রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৪০ জনের বেশি।
প্রত্যক্ষদর্শীদের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, হামলার লক্ষ্য ছিল বাস্তুচ্যুত দুই ব্যক্তির বিয়ের আয়োজন করা একটি বাড়ি। হামলার পর সেখানে হতাহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যেতে দেখা যায়।
বাস্তুচ্যুত মানুষের বিভিন্ন শিবিরে সহায়তা করা নুয়ে উ ইয়াউং চি ফাউন্ডেশনের প্রধান জানিয়েছেন, হামলায় ২১ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচটি শিশু রয়েছে। আহত হয়েছেন ৪০ জনের বেশি। তিনি নিরাপত্তার কারণে ছদ্মনাম কো জুলাই ব্যবহার করে বলেন, আহতদের উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছানোর পর সামরিক বিমান আবারও তাদের ওপর হামলা চালায়।
তিনি বলেন, “আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া আমাদের জন্য খুব কঠিন হয়ে পড়েছিল। আহতের সংখ্যা অনেক বেশি, অথচ আমাদের কাছে গাড়ি ছিল মাত্র কয়েকটি।”
এক প্রত্যক্ষদর্শী এএফপিকে জানান, তিনি বিমান উড়ার শব্দ শুনেছিলেন। তবে মনে করেছিলেন, তাদের এলাকায় হামলা হবে না। তিনি বলেন, “আমি ঘরে ঢুকে পড়েছিলাম। এরপর বোমা বিস্ফোরণের শব্দ শুনি এবং হামলার জায়গা থেকে ধোঁয়া উঠতে দেখি। বোমাটি একটি বিয়ের বাড়িতে আঘাত হানে। সেখানে বাস্তুচ্যুত দুই ব্যক্তির বিয়ের প্রস্তুতি চলছিল।”
হামলার পর উদ্ধারকাজে অংশ নিতে ঘটনাস্থলে ছুটে যান ওই প্রত্যক্ষদর্শী। তিনি বলেন, “আমি ১৭টি মরদেহ দেখতে পাই। আহতও ছিলেন অনেক।”
তিনি আরও বলেন, “আমি হতবাক হয়ে গিয়েছিলাম। প্রথমে কাকে উদ্ধার করব বুঝতে পারছিলাম না। কিন্তু একজন আহত নারী আমাকে বললেন, আগে শিশুদের বের করতে।” তার ভাগনি নিখোঁজ রয়েছে বলেও জানান তিনি। বলেন, “কয়েকজন এখনো নিখোঁজ। তাদের মধ্যে আমার ভাগনিও রয়েছে। আমি এখনো তাকে খুঁজে পাইনি।”
প্রত্যক্ষদর্শী হামলার ছয়টি ভিডিও সরবরাহ করেছেন। ভিডিওতে আহতদের বিভিন্ন যানবাহনে করে সরিয়ে নিতে দেখা যায়। এক বৃদ্ধাকে মোটরসাইকেলের পেছনে বসিয়ে নিয়ে যাওয়া হয়। আহত কয়েকজন পুরুষকে পিকআপের পেছনে করে সরিয়ে নেওয়া হয়। একটি ভিডিও ধারণের সময় প্রত্যক্ষদর্শী বলেন, আহতদের বেশির ভাগই নারী ও শিশু।
আরেকটি ভিডিওতে দেখা যায়, ধ্বংসস্তূপে ছড়িয়ে থাকা একটি এলাকায় ছোট আগুন জ্বলছে। এর মধ্যেই একটি শিশুকে কোলে নিয়ে এক ব্যক্তি দৌড়ে সেখান থেকে বেরিয়ে আসেন। কিছুক্ষণ পর আবার বিস্ফোরণের শব্দ শোনা যায়।
অন্য একটি ভিডিওতে রক্তাক্ত ও কান্নারত এক শিশুকে বহন করতে দেখা যায় ওই প্রত্যক্ষদর্শীকে। শিশুটি তাকে জিজ্ঞেস করছিল, “আমার বাবা-মা কোথায়? তাদের কি কিছু হয়েছে? তারা কোথায়?” শিশুটি আরও বলে, “দয়া করে আমার মাকে ফোন করুন।” প্রত্যক্ষদর্শী তাকে আশ্বস্ত করে বলেন, “চিন্তা করো না, তোমার মাকে ফোন করব। তবে আগে চিকিৎসার জন্য ক্লিনিকে যাই।” শিশুটি জবাব দেয়, “আমার বাবা-মায়ের চিকিৎসার খরচ দেওয়ার মতো টাকা নেই।”
এএফপির হাতে আসা স্থানীয় অন্য বাসিন্দাদের ছবিতেও ছয়টি মরদেহ দেখা গেছে। তাদের মধ্যে একজন নারী ও একটি শিশু রয়েছে। তবে এসব ছবির সত্যতাও স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বার্তা সংস্থাটি।
ঘটনাটি নিয়ে মন্তব্য জানতে মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা এসিএলইডির হিসাব অনুযায়ী, এ যুদ্ধে সব পক্ষ মিলিয়ে এক লাখের বেশি মানুষ নিহত হয়েছেন।
মোয়ে বাই শহরটি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও শহরের বাইরে গ্রাম ও গ্রামীণ এলাকাগুলোতে বিরোধী বাহিনীর তৎপরতা রয়েছে। ওই অঞ্চলে বিপুলসংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়ে বসবাস করছেন।
মিয়ানমারে এই হামলার ঘটনা এমন সময় ঘটল, যখন এক সপ্তাহ আগে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ২০১৭ সালে রাখাইন রাজ্যে সামরিক অভিযানের সময় দেশটির মুসলিম রোহিঙ্গা সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যার ঘটনা ঘটেছিল বলে রায় দিয়েছেন। ২০২১ সালের অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া মিন অং হ্লাইং চলতি বছর ব্যাপক সমালোচিত নির্বাচনের পর বেসামরিক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের ‘অনুপযুক্ত’ অংশগুলো মেনে নেবে না তার সরকার।
সূত্র: এএফপি
Source: জাগো নিউজ২৪






