এডেন উপসাগরে সোমালিয়া উপকূলের অদূরে একটি বাণিজ্যিক জাহাজে ছয়জন সশস্ত্র জলদস্যু উঠে পড়েছে বলে জানা গেছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নৌবাহিনীর ‘অপারেশন আটলান্টা’র অংশ মেরিটাইম সিকিউরিটি সেন্টার-ইন্ডিয়ান ওশান (এমএসসিআইও) এ তথ্য নিশ্চিত করেছে।

সংস্থাটির এক সতর্কবার্তায় বলা হয়, শনিবার (২৮ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। ওই সময় জাহাজটি সোমালিয়ার বন্দরনগরী বোসাসো থেকে প্রায় ১২০ নটিক্যাল মাইল উত্তর-পশ্চিমে অবস্থান করছিল।

জলদস্যুরা জাহাজে ওঠার পর নাবিকেরা নিরাপদ কক্ষ বা ‘সিটাডেল’-এ আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে। সশস্ত্র হামলার সময় নাবিকদের সুরক্ষার জন্য জাহাজে এই বিশেষ নিরাপদ কক্ষ তৈরি করা থাকে। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো নাবিকের হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ইইউ নৌবাহিনীর মেরিটাইম সিকিউরিটি সেন্টার জানিয়েছে, ‘অপারেশন আটলান্টা’ ঘটনাটি তদন্ত করছে। একই সঙ্গে ওই অঞ্চলে চলাচলকারী অন্য জাহাজগুলোকে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে। সমুদ্রপথের নিরাপত্তাবিধি মেনে চলার পাশাপাশি যে কোনো সন্দেহজনক তৎপরতা দেখলে তাৎক্ষণিকভাবে জানানোর অনুরোধ করেছে সংস্থাটি।

তবে সতর্কবার্তায় আক্রান্ত জাহাজটির নাম, পতাকা বা এতে কতজন নাবিক রয়েছেন, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

তথ্যসূত্র: জাগো নিউজ আন্তর্জাতিক, আনাদোলু এজেন্সি

Source: জাগো নিউজ২৪