গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শোলাগাড়ী ঈদগাহ আলিম মাদরাসায় অধ্যক্ষের পদ নিয়ে দুই শিক্ষকের বিরোধ শিক্ষা কার্যক্রমকে প্রায় অচল করে দিয়েছে। ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত এবং ১৯৮৫ সালে এমপিওভুক্ত এই মাদরাসায় দীর্ঘদিন ধরে চলা এই দ্বন্দ্বের কারণে শিক্ষার্থী ভর্তি যেমন কমে গেছে, তেমনি ভর্তি হওয়া শিক্ষার্থীরাও নিয়মিত ক্লাস করছে না। এর প্রভাবে অন্যান্য শিক্ষক-কর্মচারীরা সময়মতো বেতন-ভাতা না পাওয়াসহ নানা জটিলতার মধ্যে পড়েছেন।
সরেজমিনে মাদরাসায় দেখা গেছে, শুনশান নীরবতা বিরাজ করছে। শিক্ষার্থীদের পাঠদানের কোনো কোলাহল নেই। ৪০ জনের বেশি শিক্ষক-কর্মচারী উপস্থিত থাকলেও বিভিন্ন ক্লাসে শিক্ষার্থী রয়েছে মাত্র ২০-২৫ জন। পাঠদান চললেও শিক্ষক-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ। সাংবাদিকদের পরিচয় পাওয়ার পর অনেকে কথা বলতে চাননি। যারা কথা বলেছেন, তাঁদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
মাদরাসা সূত্রে জানা গেছে, ২০১২ সালের দিকে মাদরাসার কৃষি শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষক মিনহাজ উদ্দিন ক্ষমতার অপব্যবহার করে অধ্যক্ষের পদে নিয়োগ নেন। তিনি দীর্ঘ ১২ বছর অবৈধভাবে অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছিলেন বলে দাবি। নিয়োগটি সম্পূর্ণ অবৈধ প্রমাণের পর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আইনগতভাবে ওই শিক্ষকের বেতন-ভাতা বন্ধ করে দেয়। পরে মাদরাসাটি সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে ২০২৪ সালের শেষের দিকে সিনিয়র প্রভাষক মোজাহারুল ইসলামকে অধ্যক্ষ নিয়োগ দেয় উপজেলা প্রশাসন।
এর জেরে মিনহাজ উদ্দিন উচ্চ আদালতে অধ্যক্ষ মোজাহারুল ইসলামের বিরুদ্ধে মামলা করেন। দুই শিক্ষকের মধ্যে অধ্যক্ষের পদ নিয়ে দ্বন্দ্বের কারণে গত দুই বছর ধরে মাদরাসায় শিক্ষার্থী ভর্তির সংখ্যা কমে গেছে। যে শিক্ষার্থীরা ভর্তি হন, তারাও ঠিকমতো ক্লাস করছেন না। শিক্ষাপ্রতিষ্ঠানটি নিয়ে চরম হতাশায় রয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। বর্তমানে প্রতিষ্ঠানটিতে পাঠদানের কার্যক্রম প্রায় বন্ধের পথে। অন্যান্য শিক্ষকরা সময়মতো প্রতিষ্ঠানে এসেও শিক্ষার্থী পাচ্ছেন না। অন্যদিকে তাঁরা বেতন-ভাতা পাওয়াসহ নানা জটিলতায় পড়ছেন।
মাদরাসাটিতে প্রথম শ্রেণি থেকে আলিমপর্যন্ত ৪০০ জন শিক্ষার্থী ভর্তি থাকলেও ৩০ জন শিক্ষার্থীও ঠিকমতো ক্লাসে উপস্থিত হচ্ছেন না।
মাদরাসাটি পরিচালনার জন্য স্থানীয়ভাবে কোনো কমিটি দেওয়া হয়নি। বর্তমান সভাপতি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার দায়িত্ব পালন করায় স্থানীয়রা শিক্ষাপ্রতিষ্ঠানটির বিষয়ে কোনো খোঁজখবর নিচ্ছেন না।
মাদরাসার প্রভাষক মো. সাজ্জাদুর রহমান বলেন, একজন প্রতিষ্ঠানপ্রধান না থাকলে নানা ধরনের সমস্যা হয়। বিশেষ করে ক্লাস মনিটরিং করা। এ ছাড়া মাসিক বেতন-ভাতা নিয়েও জটিলতা সৃষ্টি হয়। কোনো স্টাফ কারও কথা শোনেন না। শিক্ষার্থী ও শিক্ষক উপস্থিতি তদারকিসহ প্রাতিষ্ঠানিক নানা জটিলতা বাড়ছে।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে অধ্যক্ষের পদ নিয়ে দ্বন্দ্বের কারণে প্রায়ই শিক্ষাপ্রতিষ্ঠানটিতে মারামারি হয়। তাঁদের আতঙ্কে থাকতে হয়। বড় ধরনের কোনো দুর্ঘটনার আশঙ্কায় অনেক শিক্ষার্থী মাদরাসায় আসতে চান না। শিক্ষার্থী সাইদুর রহমান বলেন, অধ্যক্ষ স্যার নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা। মাদরাসায় প্রতিনিয়তই মারামারি হয়। আতঙ্কে অনেক শিক্ষার্থী মাদরাসায় আসে না। তাঁরা যারা আসেন, তাঁদের ক্লাস ঠিকমতো হয় না। হুজুররা বিভিন্ন মিটিং নিয়েই থাকেন। মনে হচ্ছে প্রতিষ্ঠানটির দেখার কেউ নেই।
প্রতিষ্ঠানের অধ্যক্ষের দাবিদার কৃষি শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষক মিনহাজ উদ্দিন বলেন, ২০১২ সালের দিকে তিনি বৈধভাবে অধ্যক্ষের পদে নিয়োগ নিয়েছেন। ঝামেলার কারণে তাঁর বেতন বন্ধ করে দেওয়া হয়েছে। পরিবার নিয়ে কষ্টে দিন পার করছেন। পদ ফিরে পেতে মামলা করেছেন এবং মামলা চলমান রয়েছে। তাঁর দাবি, রায় তাঁর পক্ষেই আসবে।
অধ্যক্ষ মোজাহরুল ইসলাম বলেন, যোগ্যতার ভিত্তিতে তিনি নিয়োগ পেয়েছেন। মিনহাজ উদ্দিন নিজেকে অধ্যক্ষ দাবি করলেও তাঁর নিয়োগ সম্পূর্ণ অবৈধ ছিল। তিনি অভিযোগ করেন, পতিত সরকারের স্থানীয় এমপির ক্ষমতায় মিনহাজ উদ্দিনকে বসানো হয়েছিল। তিনি প্রশ্ন তোলেন, একজন কৃষি শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষক আলিম পর্যায়ের প্রতিষ্ঠানে কীভাবে অধ্যক্ষ পদে নিয়োগ পেতে পারেন? তিনি জানান, গত সাত মাস ধরে তাঁকে প্রতিষ্ঠানে যেতে দেওয়া হচ্ছে না। বিভিন্ন লোকজন দিয়ে তাঁকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। তাঁর ওপর তিন থেকে চারবার হামলা করা হয়েছে। তিনি শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আল-আমিন বলেন, প্রতিষ্ঠানটি চালানোর জন্য সব শিক্ষক মিলে তাঁকে ভারপ্রাপ্তের দায়িত্ব দিয়েছেন। তাঁর চাকরি আর বেশিদিন নেই, তিনি এ ঝামেলার মধ্যে নেই। তাঁর মতে, দ্রুত অধ্যক্ষের পদটি নিরসন হওয়া দরকার। তিনি বলেন, তিনি এ পদ থেকে মুক্তি চান। দায়িত্ব তাঁর পক্ষে পালন করা সম্ভব হচ্ছে না। তিনি চাপ বোধ করছেন।
গোবিন্দগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোছা. শাহনাজ বেগম বলেন, প্রতিষ্ঠানের প্রধান পদ নিয়ে দ্বন্দ্বের কারণে শিক্ষার্থীদের ওপর প্রভাব পড়ছে। তিনি কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। তাঁর মতে, ওই প্রতিষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি অনুরোধ জানান, সভাপতি মহোদয়কে বলে দ্রুত সমস্যাটি সমাধান করলে ভালো হয়। তিনি ওই প্রতিষ্ঠান নিয়ে চিন্তায় আছেন এবং কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না।
প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা কোনো কথা বলতে রাজি হননি।
দ্রুত সময়ের মধ্যে অধ্যক্ষ নিয়ে ঝামেলা নিরসন এবং ক্লাসে পাঠদানের সুষ্ঠু পরিবেশ তৈরির দাবি জানিয়েছেন ওই প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষক-কর্মচারীরা।
তথ্যসূত্র: জাগো নিউজ।
Source: জাগো নিউজ২৪






