বাংলাদেশের আকাশে শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় রহস্যময় আলোর ঝলক দেখা যায়, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চললেও বিশেষজ্ঞ সংস্থাগুলো জানিয়েছে, এটি কোনো উল্কাপিণ্ড বা অজানা মহাজাগতিক বস্তু নয়—বরং চীনের একটি রকেট উৎক্ষেপণের সঙ্গে সম্পর্কিত দৃশ্য।

ঢাকা, নরসিংদী, পঞ্চগড়, রাজশাহী, কুষ্টিয়া, ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থান থেকে অনেকেই ওই উজ্জ্বল আলোর দৃশ্য দেখতে পান। কেউ কেউ ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন এবং এর উৎস জানতে চান।

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম লিমিটেডের (বিডব্লিউওটি) ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, 'অনেকেই এই ছবির মতো দৃশ্য দেখে কনফিউশনে আছেন এটা কী ছিলো? চায়না ডেইলির প্রতিবেদন অনুযায়ী, ২৭ নভেম্বর চীনের সময় রাত ৯:০৫ মিনিটে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭:০৫ মিনিট) চীনের তাইয়ুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে ইয়াওগান ৫০ডি (Yaogan 50D) নামক একটি রিমোট-সেন্সিং স্যাটেলাইট নিয়ে একটি রকেট মহাকাশে যাত্রা করে। মূলত এটিই বাংলাদেশ থেকে ২৭ নভেম্বর, রাত ৭:১০-৭:২০ মিনিটের দিকে দেখা গেছে।'

বিডব্লিউওটি বাংলাদেশ থেকে দৃশ্যমান হওয়ার কারণ প্রসঙ্গে জানায়, 'তাইয়ুয়ান কেন্দ্র থেকে সান-সিনক্রোনাস কক্ষপথে (Sun-synchronous orbit) পাঠানো স্যাটেলাইটগুলো সাধারণত দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হয়ে মিয়ানমার ও বঙ্গোপসাগরের (বাংলাদেশের আকাশসীমার কাছাকাছি) ওপর দিয়ে অতিক্রম করে। উৎক্ষেপণের ১২ থেকে ১৫ মিনিটের মাথায় রকেটের দ্বিতীয় ধাপটি (Upper Stage) ভূপৃষ্ঠ থেকে কয়েক শ কিলোমিটার উচ্চতায় পৌঁছে কক্ষপথে স্যাটেলাইট স্থাপন ও অতিরিক্ত গ্যাস নিঃসরণ করে। এ কারণেই এটি এখানে দৃশ্যমান হয়েছে।'

চায়না ডেইলির প্রতিবেদন অনুযায়ী, চীনের মহাকাশ গবেষণা সংস্থা চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি করপোরেশন (সিএএসসি) রকেট উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছে। শুক্রবার চীনের স্থানীয় সময় রাত ৯টা ৫ মিনিটে দেশটির শানসি প্রদেশের তাইয়ুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে লং মার্চ ৬এ রকেটটি যাত্রা শুরু করে। এর মাধ্যমে ইয়াওগান ৫০ডি নামের একটি বহুমুখী রিমোট সেন্সিং স্যাটেলাইট নির্ধারিত কক্ষপথে স্থাপন করা হয়।

স্যাটেলাইটটি তৈরি করেছে চায়না একাডেমি অব স্পেস টেকনোলজি। এর মাধ্যমে ভূমিসম্পদ জরিপ, কৃষি উৎপাদনের পূর্বাভাস এবং দুর্যোগ প্রতিরোধ ও প্রশমনে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কথা জানিয়েছে চীন।

লং মার্চ ৬এ রকেটটি প্রায় ৫০ মিটার দীর্ঘ। এতে একটি তরল জ্বালানিচালিত মূল বুস্টার এবং চারটি কঠিন জ্বালানিচালিত সাইড বুস্টার রয়েছে।

রকেট উৎক্ষেপণের পর আকাশে এমন আলোকচ্ছটা দেখা যাওয়ার ঘটনা নতুন নয়। বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্র, ইউরোপ, আলাস্কা ও নিউজিল্যান্ডের আকাশেও এ ধরনের সর্পিল আলোর দৃশ্য দেখা গেছে। চলতি বছরের গত ৮ মে সন্ধ্যায় বাংলাদেশ ও ভারতের আকাশে হঠাৎ দেখা যায় রহস্যময় উজ্জ্বল আলোর রেখা। পরে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এটি কোনো মহাজাগতিক বস্তু ছিল না—বরং দেশটির পরমাণু অস্ত্র বহনে সক্ষম অত্যাধুনিক 'অগ্নি' সিরিজের একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা।

তথ্যসূত্র: জাগো নিউজ ন্যাশনাল এবং চায়না ডেইলি

Source: জাগো নিউজ২৪