চট্টগ্রামে এক পারিবারিক ও সম্পত্তি বিরোধের জেরে মা তারই ছোট ছেলের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এনেছেন। একই সঙ্গে তিনি ছেলের শ্বশুর ও চাচাশ্বশুরের বিরুদ্ধেও অভিযোগ তোলেন। শনিবার (২৮ নভেম্বর) নগরীর লাভ লেনের স্মরণিকা কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ফাতেমা বেগম।
ফাতেমা বেগম হলেন সাবেক প্রধান বিচারপতি মরহুম ইমাম হোসেন চৌধুরীর বড় ছেলে মরহুম এ জেড এম শামসুদ্দিন চৌধুরীর স্ত্রী। তার ছোট ছেলে সাজিদ ইমাম চৌধুরী চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সাবেক চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের অর্থসম্পাদক আবদুছ ছালামের জামাতা।
সংবাদ সম্মেলনে ফাতেমা বেগমের বড় ছেলে সাকিব ইমাম চৌধুরীসহ অন্যান্য কয়েকজন উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে ফাতেমা বেগম বলেন, ছোট ছেলে সাজিদকে ঘিরে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক ও সম্পত্তিসংক্রান্ত বিরোধ চলে আসছে।
তিনি অভিযোগ করেন, ২০২০ সালে তার মালিকানাধীন স্মরণিকা ক্লাব ভেঙে ফেলেন সাজিদ। এছাড়া তার বাবার বাড়ি ও শ্বশুরবাড়ির সম্পত্তি নিয়েও তিনি বিভিন্ন সময় বিরোধ সৃষ্টি করেন। সাজিদ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরে অভিযোগ দিয়ে এবং একের পর এক মামলার মাধ্যমে মা ও পরিবারের অন্য সদস্যদের হয়রানি করে আসছেন বলে দাবি করেন ফাতেমা বেগম।
ওয়াকফ এস্টেটের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অসদাচরণ, মারধর ও তাদের কর্মস্থল থেকে বের করে দেওয়ার মতো ঘটনাও সাজিদ ঘটান বলে উল্লেখ করেন তার মা।
ফাতেমা বেগম বলেন, ‘ছোট ছেলে সাজিদ ক্লাবের (স্মরণিকা) আয়ের সমস্ত টাকা নিয়ে আমাদের বাসার পেছনে একটি চারতলা ভবন নির্মাণ করে, ক্লাবের আয়ের সমস্ত টাকা খরচ করে এবং ক্লাবের অফিস ও আমার বাসা ছায়ানীড় বিল্ডিংয়ের নিচতলা থেকে আমার ব্যক্তিগত এবং ব্যবসায়িক হিসাবের খাতাপত্র চুরি করে নিয়ে যায়। তারপর সে আমার বড় ছেলে সাকিবের বিরুদ্ধে (এস্টেটের) মোতাওয়াল্লি অপসারণসহ একাধিক মামলা করে।’
তিনি আরও অভিযোগ করে বলেন, ‘ছোট ছেলে সাজিদের শ্বশুর আবদুছ ছালাম এবং চাচাশ্বশুর নজরুল ইসলাম ওয়াকফ এস্টেটের সম্পত্তি ভাগ করে দেওয়ার জন্য আমাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে চাপ ও হুমকি দেয়। তাদের দাবি অনুযায়ী সম্পত্তি ভাগ করে না দিলে, বড় ছেলে সাকিব ও তার চাচা চৌধুরী কামাল উদ্দিনকে গ্রেফতার করানোসহ বিভিন্ন মামলা-মোকদ্দমায় তার শ্বশুরবাড়ির মানুষ সর্বোচ্চ সাহায্য-সহযোগিতা করবে বলে জানায়।’
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, সামাজিকভাবে হেয়প্রতিপন্ন এবং পরিবারের সম্পত্তি আত্মসাৎ করার উদ্দেশ্যে সাজিদ তার মা ও ভাইকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করে আসছেন। ফাতেমা বেগম বলেন, ‘সাজিদের শ্বশুরবাড়ির কয়েকজন সদস্যও এসব বিরোধে প্রভাব বিস্তার করছেন। ২০২২ থেকে এ বিরোধ আরও জটিল আকার ধারণ করে এবং ২০২৩ থেকে আমার ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে একাধিক মামলা করা হয়। আগের মামলাগুলোতে প্রত্যাশিত প্রতিকার না পেয়ে এবার আমার ভাইয়ের ছেলে রিচার্ড চৌধুরীকে দেশে এনে আমার বিরুদ্ধে নতুন করে মামলা করে। একজন মা হিসেবে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছি যে, নিজের আপন ছোট ছেলে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়েছে।’
তিনি জানান, তার বড় ছেলে সাকিব বর্তমানে ওয়াকফ এস্টেটের মোতাওয়াল্লি হিসেবে দায়িত্ব পালন করছেন। তাদের আশঙ্কা, সাজিদ ওয়াকফ এস্টেটের সম্পত্তি ও কর্তৃত্ব নিজের নিয়ন্ত্রণে নেওয়ার উদ্দেশ্যে মিথ্যা মামলাসহ হয়রানি করে আসছেন। ফাতেমা বেগম এসব মামলার নিরপেক্ষ তদন্ত, হয়রানি ও হুমকির অভিযোগের সুষ্ঠু অনুসন্ধান এবং ওয়াকফ এস্টেটের সম্পত্তির প্রকৃত অবস্থা ও ব্যবস্থাপনা নিরপেক্ষভাবে যাচাই করার দাবি জানান।
এ ব্যাপারে সাজিদ ইমাম চৌধুরী জাগো নিউজকে বলেন, ‘আমাদের ১৩ লাভ লেনের জায়গাটি ওয়াকফ এস্টেটভুক্ত। আমার দাদা প্রয়াত প্রধান বিচারপতি ইমাম চৌধুরী জীবিতকালে সেটি ওয়াকফ করে গিয়েছিলেন। ওয়াকফ চুক্তিতে তিনি তার দুই সন্তানকে জীবিত থাকা শর্তে মোতাওয়াল্লি করে যান। দাদার বড় সন্তান হিসেবে আমার বাবা শামসুদ্দিন চৌধুরী প্রথমে মোতাওয়াল্লি ছিলেন। তিনি মারা যাওয়ার পর চুক্তি অনুসারে আমার চাচা কামাল উদ্দিন চৌধুরী মোতাওয়াল্লি হওয়ার কথা। সেখানে আমার ভাই সাকিব কীভাবে মোতাওয়াল্লি হন?’
মায়ের অভিযোগ সম্পর্কে তিনি বলেন, ‘আমার মাকে একটি লিখিত স্টেটমেন্ট ধরিয়ে দিয়েছেন। আমার মা সেটি পড়েছেন। যেহেতু মামলা আদালতে বিচারাধীন, তাই এ ব্যাপারে কোনো মন্তব্য করবো না। একদিন সত্য উন্মোচিত হবে। আমার শ্বশুর কিংবা চাচাশ্বশুরের ইন্ধন কিংবা হয়রানির বিষয়টি সঠিক নয়।’
Source: জাগো নিউজ২৪






