দ্রুত পদ্মা ব্যারাজ প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়েছেন উত্তরাঞ্চলের নদী গবেষক, কৃষিবিদ, প্রকৌশলী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। তাঁরা বলেছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও অর্থনৈতিক সুরক্ষায় এটি মহাপ্রাচীরের ভূমিকা রাখবে। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে রাজশাহী কলেজ মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
‘পদ্মা ব্যারাজ প্রকল্পের সম্ভাবনা, উত্তর-রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়ন এবং বারনই, হোজা ও বড়াল নদী দখল ও দূষণমুক্তকরণ’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। বাপা রাজশাহীর সভাপতি মাহমুদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকৌশলী জুনায়েদ আহমেদ।
মূল প্রবন্ধে বলা হয়, ফারাক্কার প্রভাবে পদ্মার পানিপ্রবাহ কমে যাওয়ায় দেশের বিস্তীর্ণ অঞ্চলে মরুকরণ ও নদী শুকিয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। রাজবাড়ীর পাংশায় পদ্মা ব্যারাজ নির্মিত হলে পানির প্রবাহ ও নাব্যতা বাড়বে। পাশাপাশি বর্ষার পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে রাজশাহী ও বরেন্দ্র অঞ্চলের খরা মোকাবিলা করা এবং ভূগর্ভস্থ পানির স্তর স্বাভাবিক রাখতে তা সহায়তা করবে।
প্রবন্ধে আরও বলা হয়, সমীক্ষা অনুযায়ী, প্রকল্পটি জাতীয় জিডিপিতে ০.৪৫ শতাংশ অবদান রাখতে পারে। এতে বছরে প্রায় ৮ হাজার কোটি টাকার প্রত্যক্ষ আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। গোদাগাড়ীতে ইনটেক স্ট্রাকচার ও সেন্ট্রাল পাম্প স্টেশন স্থাপনের মাধ্যমে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর খরাপ্রবণ বিস্তীর্ণ কৃষিজমি সেচের আওতায় আনা সম্ভব হবে বলে প্রবন্ধে উল্লেখ করা হয়।
সেমিনারে বক্তারা পদ্মা ব্যারাজ প্রকল্পে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, প্রথম পর্যায়ের কাজ শুরু এবং দ্বিতীয় পর্যায়ের পরিকল্পনা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে উত্তর-রাজশাহী সেচ প্রকল্প ও বড়াল অববাহিকার পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্প দ্রুত বাস্তবায়ন, বরেন্দ্র অঞ্চলের জলাশয় সংরক্ষণ এবং ভূগর্ভস্থ পানির স্তর স্বাভাবিক রাখতে কার্যকর রাষ্ট্রীয় পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান তাঁরা।
আলোচনায় অংশ নেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) অবসরপ্রাপ্ত মহাপরিচালক মো. মাহফুজুর রহমান, অবসরপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিচালক মো. মোতাহার হোসেন, পানি সম্পদ পরিকল্পনা সংস্থার প্রকৌশলী মো. জাহিদ, বাপার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলমগীর কবির, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফৌজিয়া এদিব ফ্লোরা ও অধ্যাপক মর্জিনা বেগমসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
বক্তারা বলেন, বরেন্দ্রভূমির কৃষি ও পরিবেশ রক্ষায় উত্তর-রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি মৃতপ্রায় বড়াল, বারনই ও হোজা নদীসহ অন্যান্য নদীর টেকসই পুনরুজ্জীবন জরুরি।
Source: জাগো নিউজ২৪






