চট্টগ্রাম নগরীর খুলশী থানার দক্ষিণ খুলশী এলাকায় একটি নির্মাণাধীন ভবনের নিরাপত্তারক্ষীকে এক কোটি টাকা চাঁদা দাবি করে তা না পাওয়ায় লোহার রড দিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে সন্ত্রাসীরা। গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিনগত রাত সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে। তবে শনিবার (২৮ নভেম্বর) বিষয়টি প্রকাশ্যে আসে।

আহত নিরাপত্তারক্ষীর নাম হাজি আহম্মেদ (২৯)। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ভবনমালিক মো. শাহজাহান চৌধুরী (৭৩) বাদী হয়ে খুলশী থানায় একটি মামলা দায়ের করেন। শুক্রবার দিনগত রাত ১২টা ৫ মিনিটে মামলাটি রেকর্ড করে থানা পুলিশ।

মামলায় অবৈধ লোকজন নিয়ে চাঁদাবাজি, হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৩২৩, ৩২৫, ৩০৭, ৩৮৫ ও ৫০৬(২) ধারায় মামলাটি রেকর্ড করা হয়। মামলায় ছয়জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।

এজাহারনামীয় আসামিরা হলেন— বাবলু (৩০), মো. আলাউদ্দিন (৩৮), মো. সাদ্দাম (২৭), ফাহিম (২৩), শুকুর (৩৫) ও মোহাম্মদ আলী (৬৫)।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, দক্ষিণ খুলশীর ১ নম্বর রোডের সি ব্লকের ২ নম্বর লেনের ৬২/২ নম্বর প্লটটির মালিক আনোয়ারা বেগম। তিনি মামলার বাদী শাহজাহান চৌধুরীর স্ত্রী। ১৯৯৯ সালে তিনি জায়গাটি কেনেন। সম্প্রতি সেখানে ভবন নির্মাণের জন্য সামগ্রী নিয়ে গেলে চাঁদা দাবির মুখে পড়েন তারা। সন্ত্রাসীরা জায়গার মালিকের কাছে এক কোটি টাকা চাঁদা দাবি করেন।

এর ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার দিনগত রাতে নিরাপত্তারক্ষীকে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত করা হয় এবং লোহার রড দিয়ে তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে ভবনমালিক শাহজাহান চৌধুরী জাগো নিউজকে বলেন, ‘আমাদের মালিকানাধীন প্লটে ভবন নির্মাণ করতে গেলে আমবাগান এলাকার শাহ আলম নামের এক নেতার ইন্ধনে কাজে বাধা দেওয়া হয়। আমরা শাহ আলমের সঙ্গেও যোগাযোগ করেছি। তিনি বিষয়টি জানতেন না। এক মহিলা হাতেপায়ে ধরায় কাজ বন্ধ রাখতে বলেছিলেন বলে আমাদের জানিয়েছেন। এখন আমরা মালামাল নিয়ে গেলে আমাদের কাছ থেকে এক কোটি টাকা চাঁদা দাবি করা হয়। তা না পেয়ে নিরাপত্তারক্ষীকে বেদম মারধর করে এবং লোহার রড দিয়ে মাথা ফাটিয়ে দেয়।’

এ বিষয়ে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জাগো নিউজকে বলেন, ‘দক্ষিণ খুলশীতে একটি নির্মাণাধীন ভবনের নিরাপত্তারক্ষীকে হামলা চালিয়ে গুরুতর জখম করার ঘটনায় থানায় মামলা হয়েছে। চাঁদা দাবি ও হত্যাচেষ্টার অভিযোগে মামলাটি হয়েছে। তদন্ত করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

তথ্যসূত্র: জাগো নিউজ

Source: জাগো নিউজ২৪