তিস্তা মহাপরিকল্পনার সমীক্ষার কাজ শেষ হয়েছে। প্রকল্পের প্রতিবেদন পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এই বিষয়ে তিস্তাপারের মানুষ খুব দ্রুত সুখবর পাবেন বলে আশা প্রকাশ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

শনিবার (২৮ নভেম্বর) কুড়িগ্রাম সদর উপজেলার নাগদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিচার চলাকালে শেখ হাসিনা দেশে ফেরেননি। এখন দেশে ফিরতে চাইলে ভারতের সঙ্গে বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই তাঁকে আসতে হবে।

আওয়ামী লীগের সমালোচনা করে আসাদুল হাবিব দুলু বলেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী ও মাফিয়া দল। আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে তারা প্রমাণ করেছে, তাঁদের কোনো পরিবর্তন হয়নি। তিনি বলেন, তাঁরা নিজেদের শুধরাবে না।

আন্তর্জাতিক নদীর পানি প্রত্যাহার প্রসঙ্গে তিনি বলেন, একতরফাভাবে পানি প্রত্যাহার করে বাংলাদেশে মরুকরণ সৃষ্টি করা মেনে নেওয়া হবে না।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান পৃষ্ঠপোষক সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) আমসা আমিন, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ, জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু ও হাসিবুর রহমান হাসিব প্রমুখ উপস্থিত ছিলেন।

তথ্যসূত্র: জাগো নিউজ

Source: জাগো নিউজ২৪