গাজীপুর শিল্পাঞ্চলে টানা কয়েক সপ্তাহ ধরে চলা আন্দোলন ও বিক্ষোভের পর অবশেষে শান্তি ফিরেছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল থেকে শ্রমিকরা দলে দলে কারখানায় কাজে যোগ দিতে শুরু করেন। তবে আগে থেকেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা ৩৫টি কারখানা আজও বন্ধ রয়েছে।
শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে গত ২৭ অক্টোবর কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার একটি পোশাক কারখানায় কর্মবিরতি শুরু হয়। এরপর থেকে বিক্ষোভ দ্রুত ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ বিভিন্ন আঞ্চলিক সড়কে বাঁশ ও কাঠে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। পল্লী বিদ্যুৎ মোড়, সফিপুর, কোনাবাড়ি, কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকা এবং পরে গাজীপুর মহানগরের অন্যান্য এলাকায়ও আন্দোলন ছড়িয়ে পড়ে। বিক্ষোভের সময় শ্রমিকরা সড়ক-মহাসড়ক অবরোধ, কারখানা ছুটি দিতে বাধ্য করা এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটায়। সবশেষ দেড় সপ্তাহ আগে গাজীপুর সদর ও শ্রীপুর উপজেলায় সংঘর্ষের ঘটনা ঘটে।
এ পরিস্থিতিতে গত ১ নভেম্বর সরকার একটি মজুরি বোর্ড গঠন করে, যাতে মালিক পক্ষ ও শ্রমিক পক্ষ উভয়ের প্রতিনিধি ছিলেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) মজুরি বোর্ডের চতুর্থ সভায় তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম বেতন ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়। তবে এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে শ্রমিকরা আন্দোলন চালিয়ে যান। একপর্যায়ে বেশ কয়েকটি কারখানায় তিন দিনের ছুটি ঘোষণা করা হয়।
বিক্ষোভ, সংঘর্ষ, বেতন বৃদ্ধির ঘোষণা ও তিন দিনের ছুটি শেষে শনিবার সকাল থেকে শ্রমিকরা কাজে যোগ দেন। সকাল ১০টা পর্যন্ত গাজীপুর জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে আন্দোলনের কারণে উৎপাদন ব্যাহত হয়েছে; এখন তারা ক্ষতি পুষিয়ে নিতে কাজ করবেন।
সকাল থেকেই গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দেয়। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভোগড়া বাইপাস, নাওজোড়, কোনাবাড়ি, সফিপুর, পল্লী বিদ্যুৎ, চন্দ্রা এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা, রাজেন্দ্রপুর, বাংলাবাজার, ভবানীপুর, হোতাপাড়া, মেম্বারবাড়ি, বাঘের বাজার, গড়গড়িয়া মাস্টারবাড়ি, শিরিরচালা ও বেড়াইদেরচালা এলাকায় শ্রমিকরা কারখানায় ফিরেছেন।
গাজীপুর শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১৭ প্লাটুন বিজিবি, শিল্প পুলিশ, জেলা পুলিশ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, এসআরবি ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা কাজ করছেন। সকাল থেকেই শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা সতর্ক অবস্থানে রয়েছেন।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শনিবার সকালে গাজীপুর শিল্পাঞ্চলের শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা ৩৫টি কারখানা বাদে অন্য সব কারখানা উৎপাদনে ফিরেছে।
তথ্যসূত্র: জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী
Source: জাগো নিউজ২৪






