যশোরের চৌগাছা উপজেলার স্বরূপদাহ ইউনিয়ন দেবালয় গ্রামের গাছি আব্দুর রাজ্জাক (৬৫)। খেজুরের গুড় উৎপাদনে বিশেষ অবদান রাখায় তিনি দুইবার পুরস্কার পেয়েছেন। এবার তিনি দুই পোন (৮০টিতে এক পোন) খেজুর গাছ কেটে রস আহরণের প্রস্তুতি নিয়েছেন। চলতি মৌসুমে ৩৫ থেকে ৪০ মণ গুড় ও পাটালি উৎপাদনের লক্ষ্য তার। শুধু আব্দুর রাজ্জাক নন, যশোরের ৮ উপজেলায় খেজুরের গুড় উৎপাদনে জড়িত ৬ হাজার ১৮৮ গাছি। আর রস আহরণ ও গুড় উৎপাদন মিলিয়ে এই সংখ্যা ১৬ হাজার ৩১৮ জন। এই কৃষক-গাছিদের হাতে যশোরে এই মৌসুমে ৩ হাজার ১৫০ মেট্রিক টন গুড় উৎপাদনের আশা করা হচ্ছে। যশোরের জিআই পণ্য এই গুড়ের বর্তমান বাজারমূল্য ১২৫ কোটি টাকারও বেশি।

মধ্য অগ্রহায়ণেও প্রকৃতিতে এখন শীতের দোলা। ‘যশোরের যশ, খেজুরের রস’ এই ঐতিহ্য ধরে রাখতে আরও দেড়-দুই মাস আগে থেকেই খেজুরের গাছ কাটার প্রাক-প্রস্তুতি শুরু করেন গাছিরা। এরই মধ্যে খেজুর গাছ থেকে রস আহরণের প্রস্তুতি শেষ করে গাছ কাটাও শুরু করেছেন তারা। যশোরের সদর, চৌগাছা, ঝিকরগাছা, বাঘারপাড়া, মণিরামপুর, কেশবপুর, অভয়নগর ও শার্শা উপজেলায় এখন পুরোদমে খেজুর গাছ কাটা, রস আহরণ ও গুড় উৎপাদন প্রক্রিয়া শুরু হয়েছে। কুয়াশাচ্ছন্ন ভোরে এখন গ্রামের রাস্তার ধারে ও বিভিন্ন মাঠে গেলেই খেজুরের গাছ কাটার দৃশ্য চোখে পড়ে। কিছু কিছু গাছে ভাঁড় ঝুলানো। গাছিরা রস আহরণ শুরু করেছেন। তবে পুরোদমে রস আহরণ এখনো শুরু হয়নি। পৌষ ও মাঘ মাসে রস সবচেয়ে বেশি হয়।

২২ লাখের বেশি খেজুর গাছ

যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, যশোর জেলায় মোট খেজুর গাছ রয়েছে ২২ লাখ ৪৪ হাজার ১৭৩টি। এরমধ্যে পূর্ণ বয়সের খেজুর গাছ ৩ লাখ ৪৫ হাজার ৪০৩টি, ৫ বছরের কম বয়সের গাছ ১৩ লাখ ৩৩৬টি, ৫ থেকে ১০ বছর বয়সের গাছ ৫ লাখ ৫৯ হাজার ৪৭৪টি, রস আহরণে উপযোগী গাছ ৩ লাখ ১৪ হাজার ৯০৮টি। জেলায় রস-গুড় উৎপাদনে জড়িত কৃষক ১৬ হাজার ৩১৮ জন। এর মধ্যে গুড় উৎপাদনে জড়িত গাছি ৬ হাজার ১৮৮ জন। গাছ প্রতি রস পাওয়া যায় গড়ে ১০৫ লিটার, এতে গুড় হয় ১০ দশমিক ৫ কেজি। মোট রস আহরণ হয় ৩ কোটি ৩০ লাখ ৬৫ হাজার ৩৪০ লিটার, গুড় উৎপাদন ৩ হাজার ১৫০ মেট্রিক টন। কেজিপ্রতি গুড়ের দাম ৪০০ টাকা ধরে জেলায় মোট উৎপাদিত গুড়ের মূল্য দাঁড়ায় ১২৫ কোটি টাকা।

গাছিদের অভিজ্ঞতা ও আশা

চৌগাছা উপজেলার স্বরূপদাহ ইউনিয়ন দেবালয় গ্রামের পুরস্কারপ্রাপ্ত গাছি আব্দুর রাজ্জাক জানান, ১৩ বছর বয়স থেকে তিনি গুড় উৎপাদনের সঙ্গে জড়িত। এ মৌসুমে তিনি ১৬০টি গাছ কাটছেন। এই গাছ থেকে তিনি ৩৫ থেকে ৪০ মণ গুড় ও পাটালি উৎপাদন করবেন বলে আশা করছেন। দেবালয় গ্রামের আরেক চাষি আনোয়ার হোসেন এবার ৬০টি খেজুর গাছ কেটেছেন। ছোটবেলা থেকে বাবার সঙ্গে খেজুর গাছের কাজ করতেন। চল্লিশ বছর ধরে রস আহরণ করে গুড়-পাটালি উৎপাদন করেন। তিনি বলেন, 'আগে দেড়-দুই পোন গাছ কাটতাম। এখন কম করে কাটছি। এখন গুড়ে বেশ লাভ হয়। এক ভাঁড় রস আড়াইশো-তিনশো টাকা, এক কেজি গুড় তিন-চারশো টাকায় বিক্রি করি।'

বাঘারদাড়ি গ্রামের গাছি লিয়াকত আলী, আন্দারকোটা গ্রামের গাছি মিঠু, ধুলিয়ানী ইউনিয়নের উজিরপুর গ্রামের গাছি মিন্টু মোল্লাও এ মৌসুমে খেজুর গাছ কেটেছেন। তারা জানান, এরই মধ্যে রস হতে শুরু করেছে। রসের পরিমাণ এখন কম। কয়েকদিন আগে পানি (বৃষ্টি) হওয়ার কারণে গাছ নরম হয়ে গেছে। সে কারণে রস কম হচ্ছে। তবে ধীরে ধীরে বাড়বে। তারা বলেন, রস-গুড়ের ঐতিহ্য টিকিয়ে রাখতে সরকারি সহযোগিতা প্রয়োজন। মাজায় দড়া বাঁধার পরিবর্তে আধুনিক যন্ত্রপাতি দিয়ে গাছকাটা ও রস আহরণ করলে সহজেই গুড় উৎপাদন সম্ভব।

গাছিদের অভাব ও হতাশা

গাছিরা জানান, কয়েক বছর ধরে উপজেলায় গুড়ের মেলা হয়ে আসছে। মেলায় কিছু গুড় তারা বিক্রি করতে পারেন। মেলায় গাছিদের সম্মানিত করা হয়। কিন্তু গাছিদের কোনো পরিবর্তন নেই। গাছিরা অসুস্থ হয়ে পড়লে তাদের খোঁজ কেউ রাখে না। তাই নতুনরা আর গাছ কাটতে চায় না। হতাশ প্রকাশ করে গাছি আব্দুর রাজ্জাক বলেন, 'আমাদের মতো গাছিরা মরে যাওয়ার পর, গুড় কেউ উৎপাদন করবে না। আমাদের সন্তানরা গাছি পেশায় আসতে চায় না। কারণ এই কাজে জীবনের ঝুঁকি ও কঠোর পরিশ্রম আছে।' তিনি দুঃখ করে বলেন, 'মাজায় দড়া বেন্দে (বেঁধে) গাছে উঠতে হয়। এতে মাজায় খুব ব্যথা লাগে। গুড় মেলায় আমরা মাজার বেল্ট চেয়েছিলাম। কিন্তু আজও সেটা দেওয়া হয়নি।'

স্থানীয় সরকার ও সংস্থার উদ্যোগ

স্বরূপদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল কদর জানান, কয়েকজন গাছিকে বয়স্কভাতা দেওয়া হয়েছে। খেজুর গাছ টিকিয়ে রাখতে গাছিদের সহযোগিতা দিতে হবে। সরকারিভাবে পৃষ্ঠপোষকতা করতে হবে। যশোরের জিআই পণ্য খেজুরের গুড় রক্ষায় নানা পদক্ষেপ নেওয়া স্বেচ্ছাসেবী সংগঠন এসটিই ইনিশিয়েটিভের সভাপতি আবু বকর জানান, ব্যতিক্রম কিছু করার উদ্দেশ্যে তারা খেজুর গাছ নিয়ে কাজ শুরু করেন। খেজুরের গুড়ের ঐতিহ্য রক্ষা করতে হলে গাছ রোপণ ও গাছিদের অগ্রাধিকার ভিত্তিতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতে হবে। একইসঙ্গে খেজুরের রস-গুড় রক্ষায় সমন্বিত পরিকল্পনা নিলে যশোরের এই ঐতিহ্য টিকে থাকবে।

কৃষি বিভাগের পরিকল্পনা

চৌগাছা উপজেলা কৃষি অধিদপ্তরের উপজেলা কৃষি কর্মকর্তা মোশাব্বির হুসাইন বলেন, আমরা খেজুর গাছ সংরক্ষণ ও গাছিদের উন্নয়নে কাজ করছি। এরই মধ্যে বিভিন্ন সহযোগিতা করা হচ্ছে। চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম জানান, খেজুর গাছ ও গুড়ের ঐতিহ্য ধরে রাখতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। খেজুরের গুড় সংরক্ষণ, গাছিদের সহযোগিতা ও গুড় বাজারজাত করা নিয়ে সরকারের পরিকল্পনা রয়েছে, যা বাস্তবায়ন প্রক্রিয়াধীন। এরই মধ্যে রস-গুড়ের ওপর জীবিকা নির্বাহকারী প্রায় ৩০০ জন গাছির তালিকা তৈরি করা হয়েছে। তাদের বিশেষভাবে সরকারি প্রণোদনা দেওয়া হবে। যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক জাহিদুল ইসলাম বিশ্বাস জানান, টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের অধীনে গাছিদের উন্নয়নে বিভিন্ন কর্মকাণ্ড অব্যাহত আছে। গুড় উৎপাদনের এই শত কোটি টাকা গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তিনি বলেন, নতুন উদ্যোক্তা সৃষ্টি, গুড় বাজারজাতকরণসহ নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার ভিত্তিতে সহযোগিতা করা হচ্ছে। যশোরের ঐতিহ্য জিআই পণ্যটির সুনাম অক্ষুণ্ন রাখতে সরকার ও কৃষি বিভাগ খুবই আন্তরিক।

তথ্যসূত্র: জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী

Source: জাগো নিউজ২৪