শীতের আমেজ শুরু হতে না হতেই পটুয়াখালীর কলাপাড়ার বিস্তীর্ণ মাঠজুড়ে শুরু হয়েছে তরমুজ চাষের কর্মযজ্ঞ। কোথাও জমি প্রস্তুত করা হচ্ছে, কোথাও চলছে বীজ বপন, আবার কোথাও আগাম তরমুজের চারার পরিচর্যায় ব্যস্ত কৃষক। মৌসুমের শুরুতেই বাজারে তরমুজ তুলে ভালো দাম পাওয়ার আশায় দিনরাত পরিশ্রম করছেন তাঁরা।

উপজেলার ১২টি ইউনিয়নের কৃষকদের মধ্যে এখন তরমুজ চাষের ব্যাপক প্রস্তুতি ও ব্যস্ততা দেখা যাচ্ছে। ইউনিয়নগুলো হলো—চাকামইয়া, টিয়াখালী, লালুয়া, নীলগঞ্জ, মিঠাগঞ্জ, ধানখালী, মহিপুর, ধুলাসার, লতাচাপলী, ডালবুগঞ্জ, বালিয়াতলী ও চম্পাপুর। এরই মধ্যে লালুয়া ইউনিয়নে আগাম তরমুজ আবাদে এগিয়ে রয়েছেন কৃষকরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে কলাপাড়ায় প্রায় চার হাজার হেক্টর জমিতে তরমুজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ চাষাবাদের সঙ্গে সম্পৃক্ত থাকবেন প্রায় দুই হাজার কৃষক। ইতিমধ্যে প্রায় ৫০ হেক্টর জমিতে আগাম তরমুজের আবাদ শুরু হয়েছে। কৃষি বিভাগ আশা করছে, হেক্টরপ্রতি প্রায় ২০ টন তরমুজ উৎপাদিত হবে।

শুধু ছোট পরিসরে নয়, বড় বিনিয়োগ নিয়েও আগাম তরমুজ চাষে নেমেছেন অনেক কৃষক। মহিপুরের সুদীরপুর ইউনিয়নের রুবেল, জামাল ও খলিলসহ ১০ জন মিলে প্রায় ৩০ একর জমিতে আগাম তরমুজ চাষ করছেন। এক বছরের জন্য তাঁরা আট লাখ ৬০ হাজার টাকায় জমি ইজারা নিয়েছেন। তাঁদের মূল লক্ষ্য, অন্যদের আগে বাজারে তরমুজ সরবরাহ করে ভালো দাম পাওয়া এবং লাভের মুখ দেখা।

মহিপুরের কৃষক রুবেল বলেন, ‘আমরা ১০ জন মিলে প্রায় ৩০ একর জমিতে আগাম তরমুজ চাষ করছি। এক বছরের জন্য আট লাখ ৬০ হাজার টাকায় জমি ইজারা নিয়েছি। জমি প্রস্তুত, বীজ, সার, কীটনাশক, শ্রমিকসহ তরমুজ চাষে আমাদের বেশ বড় অঙ্কের টাকা বিনিয়োগ করতে হচ্ছে। আমাদের মূল উদ্দেশ্য হলো মৌসুমের শুরুতেই বাজারে তরমুজ নিয়ে আসা। কারণ প্রথম দিকে বাজারে তরমুজের সরবরাহ কম থাকে, তখন ভালো দাম পাওয়ার সম্ভাবনা থাকে।’

তবে আগাম তরমুজ চাষে ঝুঁকিও রয়েছে। রুবেল জানান, আবহাওয়া খারাপ হলে কিংবা রোগবালাই দেখা দিলে লোকসানের আশঙ্কা থাকে। তারপরও ভালো ফলন ও বাজারদরের আশায় তাঁরা চাষাবাদ চালিয়ে যাচ্ছেন এবং আশা করছেন পরিশ্রমের সঠিক মূল্য পাবেন এবং ভালো লাভ করতে পারবেন।

অন্যদিকে লালুয়া ইউনিয়নের কৃষকরাও আগাম তরমুজ চাষ নিয়ে আশাবাদী। অনুকূল আবহাওয়া ও ভালো ফলনের প্রত্যাশায় জমি প্রস্তুত থেকে শুরু করে বীজ বপন ও পরিচর্যার কাজে ব্যস্ত সময় পার করছেন তাঁরা। লালুয়া ইউনিয়নের কৃষক আল-আমিন বলেন, ‘আমাদের এলাকায় তরমুজ চাষের জন্য জমি ও মাটি বেশ উপযোগী। প্রতিবছরই এখানকার অনেক কৃষক তরমুজ চাষ করেন। এবারও আগাম তরমুজ চাষে কৃষকদের মধ্যে বেশ আগ্রহ দেখা যাচ্ছে। আমরাও ভালো ফলনের আশায় জমি প্রস্তুত করে চাষাবাদ শুরু করেছি।’

তিনি আরও বলেন, ‘তরমুজ চাষে খরচ দিন দিন বাড়ছে। বীজ, সার, কীটনাশক ও শ্রমিকের মজুরি দিতে গিয়ে কৃষকদের অনেক টাকা ব্যয় করতে হচ্ছে। এর মধ্যে আবহাওয়া অনুকূলে না থাকলে কিংবা বাজারে ন্যায্যমূল্য না পেলে লোকসানের মুখে পড়তে হয়। কৃষি বিভাগ থেকে নিয়মিত পরামর্শ ও প্রয়োজনীয় সহযোগিতা পেলে আমাদের জন্য আরও ভালো হতো। আমরা চাই, উৎপাদিত তরমুজের ন্যায্যমূল্য নিশ্চিত হোক এবং কৃষকরা যেন তাঁদের পরিশ্রমের সুফল পান।’

একইভাবে লতাচাপলী ইউনিয়নেও তরমুজ চাষের প্রস্তুতি চলছে পুরোদমে। মৌসুমের শুরুতে ভালো ফলন ও বাজারে ন্যায্যমূল্য পাওয়ার প্রত্যাশা করছেন সেখানকার কৃষকরা। লতাচাপলী ইউনিয়নের কৃষক মো. আমির হোসেন বলেন, ‘এ অঞ্চলের অনেক কৃষকের জীবিকা তরমুজ চাষের ওপর নির্ভরশীল। তরমুজ চাষের মৌসুম এলেই কৃষকদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়। আমরাও প্রতিবছরের মতো এবারও তরমুজ চাষের প্রস্তুতি নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘জমি তৈরি থেকে শুরু করে বীজ বপন ও পরিচর্যা পর্যন্ত অনেক পরিশ্রম করতে হয়। ভালো ফলন পেতে নিয়মিত জমির যত্ন নিতে হয়। তবে সবচেয়ে বড় চিন্তা থাকে আবহাওয়া ও বাজারদর নিয়ে। কখনো অতিবৃষ্টি, কখনো খরা, আবার কখনো রোগবালাইয়ের কারণে ফসলের ক্ষতি হয়। এরপর উৎপাদিত তরমুজ বাজারে নিয়ে ভালো দাম না পেলে কৃষকদের অনেক কষ্ট হয়। আমাদের প্রত্যাশা, এবার আবহাওয়া ভালো থাকবে, ফলন ভালো হবে এবং বাজারে ন্যায্যমূল্য পাব। তাহলে কৃষকরা লাভবান হবেন এবং আগামী বছর আরও বেশি জমিতে তরমুজ চাষে আগ্রহী হবেন।’

কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরাফাত হোসেন বলেন, চলতি মৌসুমে উপজেলায় চার হাজার হেক্টর জমিতে তরমুজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে প্রায় দুই হাজার কৃষক জড়িত থাকবেন। ইতিমধ্যে প্রায় ৫০ হেক্টর জমিতে আগাম তরমুজের চাষ শুরু হয়েছে। লালুয়া ইউনিয়নে আগাম তরমুজের আবাদ বেশি হচ্ছে। কৃষি বিভাগ আশা করছে, হেক্টরপ্রতি ২০ টন তরমুজ উৎপাদিত হবে।

সব মিলিয়ে কলাপাড়ার ১২টি ইউনিয়নের মাঠে এখন তরমুজ চাষ ঘিরে নতুন স্বপ্ন বুনছেন কৃষকরা। তাঁদের প্রত্যাশা, আবহাওয়া অনুকূলে থাকলে এবং বাজারে ভালো দাম পাওয়া গেলে এ মৌসুমে তরমুজ চাষ থেকে কাঙ্ক্ষিত লাভ ঘরে তুলতে পারবেন। কৃষকদের সেই স্বপ্ন বাস্তবে রূপ নিলে তরমুজের বাম্পার ফলনের পাশাপাশি স্থানীয় কৃষি অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

Source: জাগো নিউজ২৪