রাজশাহীর বাজারে নতুন দেশি আলু উঠেছে। তবে দাম চড়া হওয়ায় স্বাদ নিতে ক্রেতাদের অনেকেই কিনছেন মাত্র ২৫০ থেকে ৫০০ গ্রাম করে। শনিবার (২৮ নভেম্বর) সকালে নগরীর বিনোদপুর, সাহেববাজারসহ আশপাশের কয়েকটি বাজার ঘুরে জাগো নিউজের প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে। প্রায় অর্ধশতাধিক দোকান ঘুরে মাত্র একটি দোকানে দেশি আলু বিক্রি করতে দেখা গেছে, যেখানে প্রতি কেজি দেশি আলুর দাম ৮০ টাকা। অন্যদিকে ডায়মন্ড (বিদেশি) আলু ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বাজার ঘুরে দেখা যায়, চলতি সপ্তাহে রাজশাহীর বাজারে কয়েক ধরনের সবজির দাম কিছুটা বেড়েছে। প্রতি কেজি পেঁয়াজ ৫০ টাকা, কাঁচামরিচ ৮০ টাকা, দেশি শসা ৭০ টাকা, বিদেশি শসা ৫০ টাকা, পটল ৩৫ টাকা, ঢেঁড়স ৩৫ টাকা, বেগুন ৮০ টাকা, বরবটি ৮০ টাকা এবং টমেটো ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতি কেজি শিম ১০০ টাকা, মুলা ৩০ টাকা, ফুলকপি ৬০ টাকা, বাঁধাকপি ৪০ টাকা, ঝিঙে ৫০ টাকা, করলা ৬০ টাকা ও কচুর লতি ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রতি পিস লাউ ৪০ থেকে ৫০ টাকা এবং পেঁপে ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বিক্রেতাদের দাবি, গত সপ্তাহের তুলনায় অধিকাংশ সবজির দাম প্রায় অপরিবর্তিত রয়েছে। তবে কিছু সবজির দাম বেড়েছে এবং বিভিন্ন ধরনের শাক আগের তুলনায় কম দামে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা জানান, রাজশাহীর বাজারে চলতি সপ্তাহে কিছু সবজির দাম বেড়েছে। তবে সামগ্রিকভাবে বাজারে বড় ধরনের অস্থিরতা নেই।
গত সপ্তাহে কিছুটা কমার পর চলতি সপ্তাহে মুরগি ও ডিমের দাম আবারও বেড়েছে। বর্তমানে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭৫ থেকে ১৮০ টাকা, লেয়ার মুরগি প্রায় ৩২০ টাকা এবং দেশি মুরগি ৪৫০ থেকে ৫২০ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রতি হালি দেশি মুরগির ডিম ৬৫ থেকে ৭০ টাকা, হাঁসের ডিম ৬০ টাকা, ফার্মের লাল ডিম ৪৪ টাকা এবং সাদা ডিম ৪২ টাকা দরে বিক্রি হচ্ছে।
মাছের বাজারে তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি। বর্তমানে প্রতি কেজি রুই মাছ ২৬০ থেকে ৩০০ টাকা, কাতলা ৩০০ থেকে ৩৫০ টাকা, তেলাপিয়া ১৭০ থেকে ২০০ টাকা, পাঙাশ ১৭০ থেকে ২০০ টাকা, চাষের কৈ ২০০ থেকে ২২০ টাকা এবং চাষের শিং ৩০০ থেকে ৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া টেংরা ৫৫০ থেকে ৬৫০ টাকা, বোয়াল ৬০০ থেকে ৮০০ টাকা, চিংড়ি ৬৫০ থেকে ৯০০ টাকা এবং কোরাল ৭০০ থেকে ৭৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বাজার করতে আসা পাপিয়া বলেন, ‘গত সপ্তাহের তুলনায় আজ সবজির দাম কিছুটা বেড়েছে। শিম গত সপ্তাহে কিনেছি ৬০ টাকা কেজি, কিন্তু এই সপ্তাহে ১০০ টাকা চাচ্ছে। এ ছাড়া ফুলকপিসহ কিছু সবজি হঠাৎ করেই চড়া দামে বিক্রি হচ্ছে। তাই সবকিছু হিসাব করেই কিনতে হচ্ছে।’
আরেক ক্রেতা চম্পা রাণী বলেন, ‘দেশি আলু দেখে কিনতে এসেছিলাম কিন্তু দাম অনেক চড়া। বিদেশি আলু যেখানে ২৫ টাকা, সেখানে দেশি আলু ৮০ টাকা কেজি। তবুও নতুন আলুর স্বাদ নিতে ৫০০ গ্রাম নিয়েছি। এ ছাড়া এই সপ্তাহে সবজির বাজারও কিছুটা চড়া।’
মুরগি বিক্রেতা আকরাম বলেন, ‘গত সপ্তাহের তুলনায় মুরগির দাম স্থিতিশীল রয়েছে। প্রতি কেজি ১৭০ থেকে ১৮০ টাকার মধ্যেই বিক্রি হচ্ছে।’ তবে শীতকালে মুরগির দাম আরও বাড়তে পারে বলে জানান তিনি।
সাহেববাজারের সবজি বিক্রেতা রবিউল ইসলাম বলেন, ‘আজ সবজি কিনতে গিয়ে দেখি দাম কিছুটা বেশি। ফলে আমাদেরও বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। চলতি সপ্তাহে বাজার মোটামুটি স্থিতিশীল থাকলেও কিছু সবজির দাম অনেকটাই বেড়েছে। এর মধ্যে দেশি আলু, শিম, ফুলকপি ও শসার দাম উল্লেখযোগ্য। তবে এই দাম বেশিদিন থাকবে না।’
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, বাজারে ডিম, মাছ, মুরগি এবং গরু-খাসির মাংসের বাজারে গত সপ্তাহের তুলনায় তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি।
Source: জাগো নিউজ২৪






