নতুন প্রস্তাবনা অন্তর্ভুক্ত করে ‘রেলওয়ে আইন-২০২৬’-এর খসড়া চূড়ান্ত করার উদ্যোগ নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। বাংলাদেশ রেলওয়ের সদস্য ও মন্ত্রণালয়ের সিনিয়র আইন কর্মকর্তাদের মতামতের ভিত্তিতে নতুন প্রস্তাবনা থেকে গ্রহণযোগ্য ধারাগুলো খসড়ায় অন্তর্ভুক্ত করে পূর্ণাঙ্গ আইন প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ১৬ নভেম্বর রেলপথ মন্ত্রণালয়ের আইন ও ভূমি অনুবিভাগের আইন শাখা-৩ আয়োজিত ‘রেলওয়ে আইন-২০২৬’ খসড়ায় নতুন প্রস্তাবনা অন্তর্ভুক্তি ও পর্যালোচনার জন্য গঠিত কমিটির তৃতীয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন রেলপথ মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন-২) মো. ফিরোজ উদ্দিন খলিফা। মন্ত্রণালয়ের যুগ্মসচিবের কার্যালয়ে সকাল ১০টায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নতুন আইনের প্রস্তাবনাগুলো অধ্যায়ভিত্তিক বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়। প্রতিটি অধ্যায় ও ধারার বিষয়বস্তু যাচাইয়ের পাশাপাশি বিদ্যমান আইনের সঙ্গে নতুন প্রস্তাবনার সামঞ্জস্য নিয়েও আলোচনা হয়। এ ছাড়া ধারার সংখ্যা, অধ্যায়ের সংখ্যা, আইনগত শব্দের ব্যবহার এবং নতুন প্রণীত আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে সেগুলোর বিন্যাস ও নীতিনির্দেশনা নিয়েও আলোচনা করা হয়।
সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, কমিটির বাংলাদেশ রেলওয়ের সদস্য এবং সিনিয়র আইন কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া মতামতের ভিত্তিতে নতুন প্রস্তাবনা থেকে গ্রহণযোগ্য ধারাগুলো ‘রেলওয়ে আইন, ২০২৬’-এর খসড়ায় অন্তর্ভুক্ত করা হবে। এরপর পূর্ণাঙ্গ আইনের খসড়া প্রণয়ন করা হবে।
এ ছাড়া রেলপথ মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে পরবর্তী সভা আয়োজন করে নতুন ‘রেলওয়ে আইন, ২০২৬’-এর খসড়া উপস্থাপন এবং তা চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সভার কার্যবিবরণীতে নতুন আইনের নির্দিষ্ট ধারা বা প্রস্তাবনাগুলোর বিস্তারিত উল্লেখ করা হয়নি। ফলে কোন কোন বিষয়ে নতুন বিধান যুক্ত হচ্ছে, তা এখনো স্পষ্ট নয়।
তথ্যসূত্র: জাগো নিউজ ন্যাশনাল
Source: জাগো নিউজ২৪






