উত্তরাঞ্চলের জেলা পঞ্চগড়ে আবারও কমেছে সর্বনিম্ন তাপমাত্রা। টানা পাঁচ দিন ধরে তাপমাত্রার পারদ ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচেই অবস্থান করছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ১৩ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানায়, প্রতিদিন সকাল ৭টা পর্যন্ত ঘনকুয়াশায় ঢেকে থাকে এলাকা। এরপর সূর্য উঠার পর থেকে দিনভর রোদের কারণে কিছুটা স্বস্তি দেখা দেয় জনজীবনে। তবে বিকেলের পর থেকে হালকা কুয়াশার সঙ্গে উত্তরের হিমশীতল বাতাস বইতে শুরু করে, যা কনকনে শীতের অনুভূতি তৈরি করে।
এতে করে দুর্ভোগে পড়েন সকাল সকাল কাজে যাওয়া খেটে খাওয়া মানুষ। তবে সকালেই চারদিক ঝলমলে রোদ ছড়িয়ে পড়ায় কিছুটা স্বস্তি মেলে।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, পঞ্চগড়ে টানা পাঁচ দিন ধরে ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচেই অবস্থান করছে সর্বনিম্ন তাপমাত্রা। শনিবার সকাল ৯টায় সর্বনিম্ন ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তিনি আরও জানান, শুক্রবার (২৭ নভেম্বর) দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
তথ্যসূত্র: জাগো নিউজ।
Source: জাগো নিউজ২৪






