চট্টগ্রামের পটিয়ায় একই পরিবারের ৯ বছর বয়সী দুই শিশু দুই বছরের কঠোর পরিশ্রমে পবিত্র কোরআনের হাফেজ হয়েছে। তারা হলো হোসাইন মো. তাওসিফ রেজা ও আবরার জামিল। তারা আপন চাচাতো ভাই। তাওসিফ রেজার বয়স ৯ বছর ৮ মাস, আর আবরার জামিলের বয়স ৯ বছর ২ মাস।

শনিবার (২৮ নভেম্বর) সকালে পটিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের এডুকেশন গার্ডেন অ্যান্ড হিফজ মাদরাসা প্রাঙ্গণে হাফেজদের সংবর্ধনা ও নতুন শিক্ষার্থীদের সবক অনুষ্ঠানের মাধ্যমে এই অর্জনকে স্মরণীয় করে রাখা হয়।

পরিবারের সিদ্ধান্তে দুজনই কোরআনের হাফেজ হওয়ার নিয়ত নিয়ে মাদরাসায় ভর্তি হয়েছিল। দুই বছরের অধ্যবসায়ে তারা একই দিনে হিফজ সম্পন্ন করেছে। একই প্রতিষ্ঠানের আরও দুই শিক্ষার্থী—ইরফানুল ইসলাম শিহাব ও তাওসিফুল ইসলাম আদিল—একই দিন হিফজ শেষ করে। এভাবে মোট চার শিক্ষার্থী একই দিনে হাফেজ হয়েছে।

মাদরাসার প্রধান পরিচালক রাশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পটিয়া বায়তুশ শরফ মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা সরওয়ার হোসেন রাশেদী এবং সমাজসেবক ও ব্যবসায়ী হাজি রফিকুল ইসলাম। এছাড়া মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে চার হাফেজ শিক্ষার্থীকে পাগড়ি ও ক্রেস্ট দেওয়া হয়। অনুষ্ঠান শেষে মোনাজাত করেন মাওলানা সরওয়ার হোসেন রাশেদী।

তাওসিফ রেজার বাবা নুরুল আলম রুবেল বলেন, সন্তানকে কোরআনের হাফেজ হিসেবে গড়ে তোলার ইচ্ছা ছিল। সেই লক্ষ্যেই তাঁকে এই মাদরাসায় ভর্তি করা হয়। তিনি বলেন, দুই বছরের কঠোর পরিশ্রমে সে কোরআনের হিফজ সম্পন্ন করেছে। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।

তিনি আরও জানান, এই মাদরাসায় শুধু কোরআন মুখস্থ করানো হয় না, আরবি, বাংলা ও ইংরেজি ভাষায় কোরআনের অনুবাদও শেখানো হয়। নুরুল আলম রুবেল বলেন, আবরার জামিল তাঁর ভাতিজা। সে ও তাঁর ছেলে একসঙ্গে বড় হয়েছে, একই সময়ে হিফজ মাদরাসায় ভর্তি হয়েছে এবং একই দিনে হাফেজ হয়েছে। তাই অনুভূতিটা অন্য রকম।

হাফেজ আবরার জামিল শিক্ষকদের পাশাপাশি বাবা-মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

মাদরাসার প্রধান পরিচালক রাশেদুল ইসলাম জানান, তারা শিক্ষার্থীদের গতানুগতিক পদ্ধতিতে শুধু কোরআন মুখস্থ করানোর মধ্যে সীমাবদ্ধ রাখছেন না। তিন ভাষায় কোরআনের অনুবাদও শেখানো হচ্ছে। এর মাধ্যমে হিফজ সম্পন্ন করে দেশ-বিদেশের যে কোনো জায়গায় কাজ করার সুযোগ তৈরি হবে।

তিনি আরও জানান, এ বছর চার শিক্ষার্থী হিফজ সম্পন্ন করেছে, যাদের মধ্যে দুজন একই পরিবারের। নতুন করে অনেক শিক্ষার্থী সবক নিয়েছে। হিফজের পাশাপাশি এই মাদরাসায় পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়। সাধারণ শিক্ষার পাশাপাশি বিষয়ভিত্তিক পাঠদানও দেওয়া হয়।

তথ্যসূত্র: জাগো নিউজ ন্যাশনাল

Source: জাগো নিউজ২৪