ভারতের মুম্বাইয়ে ঘাটকোপার রেলস্টেশনের পাবলিক শৌচাগারে ৬০ বছর বয়সী এক নারীকে মারধর ও ধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশ এ ঘটনায় ২৭ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
জাগো নিউজ আন্তর্জাতিকের প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে ঘাটকোপার রেলস্টেশনের পাবলিক শৌচাগারে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ওই নারী তাঁর ১৮ বছর বয়সী মেয়েকে নিয়ে রাত প্রায় ১১টার দিকে ঘাটকোপার স্টেশনে পৌঁছান। তারা বাড়ি ফিরছিলেন। লোকাল ট্রেনের জন্য অপেক্ষা করার সময় ওই নারী স্টেশনের শৌচাগারে যান। এ সময় এক ব্যক্তি গোপনে তাঁর পিছু নিয়ে শৌচাগারে ঢোকেন। সেখানে ওই নারীর ওপর জোরপূর্বক নির্যাতন চালান তিনি।
নির্যাতনের শিকার নারী চিৎকার করে সাহায্য চাইলে অভিযুক্ত তাকে বেধড়ক মারধর করেন। এতে তাঁর মুখ ও বুকে গুরুতর আঘাত লাগে। এরপর তাকে ধর্ষণ করে পালিয়ে যান অভিযুক্ত।
রক্তাক্ত ও আহত অবস্থায় শৌচাগার থেকে বেরিয়ে মেয়েকে পুরো ঘটনা জানান ওই নারী। পরে বিষয়টি সরকারি রেলওয়ে পুলিশকে (জিআরপি) জানানো হয়।
অভিযোগ পাওয়ার পরপরই তদন্তে নামে পুলিশ। স্টেশনের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে অভিযুক্তকে মেট্রো স্টেশনের দিকে পালাতে দেখা যায়। তাঁকে ধরতে কুরলা জিআরপি সাতটি বিশেষ দল গঠন করে। তদন্তের একপর্যায়ে পুলিশ ঘাটকোপার পশ্চিমের আসালফা এলাকা থেকে অভিযুক্তকে শনাক্ত করে আটক করে।
আটক ব্যক্তির নাম তসলিম নূর মোহাম্মদ শাহ। বয়স ২৭ বছর। পেশায় তিনি একজন দর্জি। পুলিশের সন্দেহ, মাদকদ্রব্যের প্রভাবে ওই ব্যক্তি এ অপরাধ ঘটিয়েছেন।
পুলিশ তাঁর বিরুদ্ধে মামলা করেছে। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে। নির্যাতনের শিকার নারী মহারাষ্ট্রের থানে জেলার খাদাভলি এলাকার বাসিন্দা।
তথ্যসূত্র: জাগো নিউজ আন্তর্জাতিক
Source: জাগো নিউজ২৪






